শিগগিরই সুখবর পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিশা পাটানি

করোনাকালে পুরোপুরি ছুটির মেজাজে ছিলেন দিশা। অসময়েও তিনি ছুটি কাটাতে ভারতের বাইরে বেরিয়ে গেছেন। আর সঙ্গে ছিলেন প্রেমিক টাইগার শ্রফ। দিশার ইনস্টাগ্রাম খাতায় ধরা পড়ে তাঁর ভ্রমণের টুকরো টুকরো নানান মুহূর্ত। ভ্রমণকালে জিমে ঘাম ঝরিয়েছেন তিনি। কখনো তাঁকে দেখা গেছে সমুদ্রসৈকতে ‘জলপরি’ হয়ে উষ্ণতা ছড়াতে। দেশে ফিরেও ব্যস্ত। কখনো দিশাকে মার্শাল আর্ট করতে দেখা গেছে। আর তারই ফাঁকে নিজের কাজ করে গেছেন। এ বছরটা ব্যস্ত কাটবে বলিউডের আবেদনময়ী তারকা দিশা পাটানির। নিজের এই ব্যস্ততা নিয়ে কিছু কথা বলেছেন তিনি। দিশা নিজের কাজের প্রসঙ্গে বলেন, ‘২০২২ সালটাকে ঘিরে আমি অত্যন্ত রোমাঞ্চিত। আমার এক ভিলেন রিটার্নস মুক্তির অপেক্ষায় আছে। আর আমি যোদ্ধা ছবির শুটিং সবে শেষ করলাম। এ ছাড়া আরও কিছু লোভনীয় প্রকল্প আমার হাতে আছে। সব মিলিয়ে এ বছরটা আমার দারুণ ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে।’

দিশা পাটানি

নিজের আসন্ন দুটি ছবির প্রসঙ্গে দিশা বলেন, ‘এক ভিলেন টু আর যোদ্ধা আমার এই ছবি দুটি একদম আলাদা। গল্প, ঘরানা, চিত্রনাট্য, চরিত্র—সবকিছুই আলাদা। এর মাধ্যমে আমি কিছু প্রতিভাবান চিত্রনির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাই আমি নিজেকে লাকি মনে করি। এ ছাড়া আমি এখন বেশ কিছু ছবির পাণ্ডুলিপি পড়ার কাজে ব্যস্ত আছি। আর সব কটি পাণ্ডুলিপি বৈচিত্রে ভরা। সবকিছু ঠিকঠাক এগোলে আপনারা শিগগিরই সুখবর পাবেন।’

দিশা পাটানি

করণ জোহরের অ্যাকশন-ড্রামাধর্মী ছবি যোদ্ধাতে দিশার বিপরীতে আছেন বলিউড নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। এই অ্যাকশনধর্মী ছবির জন্য তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন। দিশা এই ছবি প্রসঙ্গে বলেন, ‘যোদ্ধা ছবির চিত্রনাট্য শুনে আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিয়েছিলাম। আর সত্যি বলতে আমি এমনই একটি ছবির অপেক্ষায় ছিলাম। অ্যাকশন এমন এক জিনিস, যা করতে আমি দারুণ পছন্দ করি। আর আমাকে এই ছবিতে ভরপুর অ্যাকশন করতে দেখতে পাবেন।’
যোদ্ধা এ বছরের ১১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। মোহিত সুরির এক ভিলেন রিটার্নস ছবিতে তাঁর সঙ্গে আছেন তারা সুতারিয়া, অর্জুন কাপুর আর জন আব্রাহাম।