শিল্পকলা আর পর্নোর মধ্যে তফাত আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে মুক্তি পাওয়া পার্চড ছবিতে রাধিকার সহশিল্পী ছিলেন আদিল হুসেন

বলিউডের প্রভাবশালী অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’সহ বেশ কিছু ছবিতে তাঁকে সাহসী সব দৃশ্যে দেখা গেছে।  বেশ কিছু সিরিজেও এই বলিউড নায়িকাকে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। আর এই ছবিগুলো নিয়েই এখন পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে! এ সূত্রে বেশ কিছুদিন ধরে তাঁকে ট্রল করা হচ্ছে। টুইটারে রাধিকাকে বর্জনের আওয়াজ তুলেছে নেট নাগরিক। তাদের বক্তব্য, ভারতীয় সংস্কৃতির ভাবমূর্তি নষ্ট করেছেন রাধিকা। ভারতীয় সংস্কৃতির বাইরে গিয়ে কাজ করেছেন এই নায়িকা। এই সময়ে রাধিকার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আদিল হুসেন।

২০১৫ সালে মুক্তি পাওয়া পার্চড ছবিতে রাধিকার সহশিল্পী ছিলেন আদিল হুসেন। এ ছবিতে রাধিকার সঙ্গে আদিলের একটি অন্তরঙ্গ দৃশ্যও আছে। মুক্তির আগেই ছবির এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। অন্তরঙ্গ এই দৃশ্যের জন্য তারপর অনেক কটু কথাই রাধিকাকে শুনতে হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয়, পাঁচ বছর পরও পার্চড ছবির এই ঘনিষ্ঠ দৃশ্যকে ঘিরে মানুষের ‘আক্রোশ’ এতটুকু কমেনি। নতুন করে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

আদিল হুসেন

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের এই প্রতিক্রিয়া দেখে রীতিমতো অবাক আদিল হুসেন। তাঁর মতে, এই ধরনের প্রতিক্রিয়া কখনোই কাম্য নয়, অযৌক্তিক। এ প্রসঙ্গে আদিল বলেছেন, ‘কিছুদিন আগে গুগল অ্যালার্ট দেখে আমি এই বিষয় সম্পর্কে জেনেছিলাম। আমি মনে করি, রাধিকাকে ট্রল করা বা ওর ওই দৃশ্য নিয়ে কটাক্ষ করা হাস্যকর। আমি এসব একদমই পাত্তা দিই না। আমার মতে, এই বিষয়ে জবাব দেওয়ার একটাই রাস্তা হলো কোনো জবাব না দেওয়া।’

তিনি আরও বলেছেন, ‘শিল্পকলা আর পর্নোর মধ্যে তফাত আছে। মানুষের প্রকৃত শিক্ষার অভাব এর আসল কারণ। তাই এই ধরনের বিষয় টুইটারে ট্রেন্ড হচ্ছে। মানুষকে বুঝতে হবে, পর্নো আর শিল্পকলা এক নয়।’

পার্চড ছবিতে ‘রাধিকা আপ্তে’

আদিল হুসেন পার্চড ছবিতে এই সাহসী দৃশ্যের ওপর তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমার স্ত্রী আমাকে সম্মান করে। আর আমার ওপর ওর আস্থা আছে। আমার স্ত্রী আমাকে বলেছিল, ওর বিশ্বাস যে আমি ভালোই করব। আমরা একে অপরকে নাটকের শুরুর দিনগুলো থেকে চিনি। আর ও জানে, আমি অভিনেতা।’

রাধিকা আপ্তে এর আগে তাঁর অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য নিয়ে জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে তার কোনো ছুঁতমার্গ নেই। এই বলিউড অভিনেত্রী বলেছিলেন, ‘আমি বুঝে উঠতে পারি না যে আমার শরীর নিয়ে আমায় কেন লজ্জা পেতে হবে। আমি আমার শরীরকে এক শিল্প হিসেবে ব্যবহার করি। আমি আমার কাজ করে যাই শুধু।’

রাধিকা আপ্তে

২০১৫ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পার্চড ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়েছিল। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে ছবিটি ভারতে মুক্তি পেয়েছিল। এই ছবি পরিচালনা করেছিলেন পরিচালক লীনা যাদব। অজয় দেবগন পার্চড ছবিটির সহপ্রযোজক ছিলেন। চারটি মেয়েকে নিয়ে এই ছবির কাহিনি বোনা হয়েছিল।