শিল্পা শেঠির বিরুদ্ধে এবার প্রতারণার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি
ছবি: ইনস্টাগ্রাম

পর্নোগ্রাফি মামলায় প্রায় দুই মাসের মতো জেলহাজতে ছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন রাজ। আর তাঁর সঙ্গে বারবার উঠে আসছে শিল্পা শেঠির নামও। রাজ আর শিল্পার বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। ক্ষতিপূরণ হিসেবে এই দম্পতির কাছে ১ দশমিক ৫১ কোটি রুপি দাবি করেছেন তিনি।
রাজ আর শিল্পার একটি ফিটনেস উদ্যোগকে ঘিরে এ মামলা। ব্যবসায়ী ব্যক্তিটির অভিযোগ, এই দম্পতি তাঁদের ফিটনেস ব্যবসাকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। শিল্পা সম্প্রতি এক পোস্টের মাধ্যমে এ মামলার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।

টুইটারে এক নোটে তিনি লিখেছেন, ‘সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পেরেছি যে রাজ ও আমার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ঘটনা শোনার পর আমি রীতিমতো অবাক।

শিল্পা শেঠি
ছবি: ইনস্টাগ্রাম

এ ব্যাপারে আমি বলতে চাই যে এসএফএল একটি ফিটনেস–সংক্রান্ত উদ্যোগ। আর এটাকে চালান কাশিফ খান। উনি এই ব্র্যান্ড নামে সারা দেশে ফিটনেস জিম খোলার স্বত্ব নিয়েছিলেন। এ–সংক্রান্ত সব চুক্তিপত্রে উনি স্বাক্ষর করতেন। আর ব্যাংক ও অন্যান্য কাজের দায়িত্বও ওনার ওপরই ছিল। আমরা ওনার কোনো লেনদেনের বিষয়ে জানতাম না। আর আমরা ওনার থেকে কোনো টাকাও নিইনি। সব ফ্র্যাঞ্চাইজি উনি নিজেই দেখাশোনা করতেন। এই কোম্পানি ২০১৪ সালে বন্ধ হয়ে যায়। আর এ ব্যবসা কাশিফ খান পুরোপুরি নিজেই চালাতেন।’

শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা
ছবি: ইনস্টাগ্রাম

এই বলিউড অভিনেত্রী আরও লিখেছেন, ‘গত ২৮ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। আর এটা দেখতে খারাপ লাগে যে আমার নাম আর মানসম্মান অতি সহজে ধুলায় মিশে যাচ্ছে। আমাদের দেশের আইনকে আমি সম্মান করি। আমি এই দেশের এক গর্বিত নাগরিক। আমার সব অধিকারবোধ যাতে সুরক্ষিত থাকে, আমি এই আশা করব।’

শিল্পা শেঠি
ছবি: ইনস্টাগ্রাম