শিল্পাকে কাঁদালেন প্রিয়াঙ্কা

অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী ভারতীয় মুষ্টিযোদ্ধা ম্যারি কমের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ম্যারি কম’ মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর। নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ছবিটি দেখেছেন বলিউডের আরেক অভিনেত্রী শিল্পা শেঠি। ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় দেখে আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে ফেলেন শিল্পা। এক টুইটার বার্তায় এমনটিই জানিয়েছেন শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা।
‘ম্যারি কম’ মুক্তির পর বিভিন্ন মহলের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন শিল্পা শেঠি। সম্প্রতি স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ‘ম্যারি কম’ ছবিটি দেখেন শিল্পা। ছবিটির পাশাপাশি প্রিয়াঙ্কার অনবদ্য অভিনয় শিল্পার হূদয় ছুঁয়ে যায়। আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন তিনি।
ওমাং কুমার পরিচালিত ‘ম্যারি কম’ ছবিটি দেখার পর প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়ে এক টুইটার বার্তায় শিল্পা লেখেন, ‘এইমাত্র ‘‘ম্যারি কম’’ দেখলাম। ছবির প্রতিটি অভিনয়শিল্পী অনেক ভালো অভিনয় করেছেন। কিন্তু প্রিয়াঙ্কার অভিনয় অসাধারণ হয়েছে। ওমাং চমত্কার কাজ করেছেন। ছবিটি দেখে আমার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ছবিটি সবারই দেখা উচিত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ ছাড়া শিল্পার স্বামী রাজ কুন্দ্রা তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘ম্যারি কমের জীবনের সত্যিকার তারকা তাঁর স্বামী অনলার। সবার জন্যই পরিবারের সহযোগিতা পাওয়াটা খুব জরুরি।’ প্রিয়াঙ্কার প্রশংসা করে রাজ আরও লেখেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া, ছবিটির মাধ্যমে আপনি আমার স্ত্রীকে কাঁদিয়েছেন।’