শিল্পার হাতে দুটি ছবি

বছরের শুরুটা শিল্পা শেঠির জন্য সুখবর হয়ে এসেছিল। এবার বছরটি শেষও হতে যাচ্ছে সুখবর দিয়ে। ‘নিকম্মা’ ছবির পর এবার ‘হাঙ্গামা টু’ ছবিতেও দেখা যাবে তাঁকে। অভিনয়ে ফেরার মাঝে গত হয়ে গেল প্রায় ১৩টি বছর। বিরতির পরে তাঁর দ্বিতীয় ছবি ‘হাঙ্গামা টু’র পরিচালক প্রিয়দর্শন। ‘হাঙ্গামা টু’ সিকুয়েল হলেও, আগের ছবি হাঙ্গামা–এর গল্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
শিল্পার একটি কাছের সূত্র বলছে, যদিও এটা সিকুয়েল হিসেবে তৈরি হচ্ছে, কিন্তু ২০০৩ সালের ছবি হাঙ্গামার গল্পের সঙ্গে এই ছবির কোনো মিল থাকছে না। একেবারেই আলাদা গল্প। শিল্পার চরিত্রটি থাকছে খুবই ঝলমলে।
পরিচালক প্রিয়দর্শনও হাঙ্গামা টু নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর ৬ জানুয়ারি ছবির শুটিং শুরু হবে। এ ছবিতে তিনি এমন একজন অভিনয়শিল্পীকে চেয়েছিলেন, যিনি এর আগে বলিউড শাসন করেছেন। সেই সূত্র ধরে শিল্পা শেঠিকেই হাঙ্গামা টু–এর জন্য তাঁর পছন্দ হয়েছে। চরিত্রটিও নাকি শিল্পার জন্য একেবারে মানিয়ে যাবে।
এই ছবিতে শিল্পার বিপরীতে দেখা যাবে পরেশ রাওয়ালকে। ছবিটিতে আরও অভিনয় করবেন মিজান জাফরি ও প্রানিথা সুভাষ।
বিরতির পরে শিল্পার প্রথম ছবি নিকম্মা অ্যাকশন ঘরানার। ছবিটি আগামী বছর মুক্তি পাবে। শিল্পা শেঠির ১৯৯৩ সালে বাজিগর সিনেমার মাধ্যমে অভিষেক হয়। এরপর তিনি একের পর এক অসাধারণ অভিনয় করে দর্শকের মন কেড়েছেন। পাশাপাশি ছিল তাঁর স্বাস্থ্যসচেতনতা ও শারীরিক সৌন্দর্য্য। গত সপ্তাহে শিল্পা বিয়ের ১০ বছর পূর্তি উদ্যাপন করতে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে জাপানে উড়াল দিয়েছেন। ডিএনএ