শিল্পীর আঁকা 'পদ্মাবতী' নষ্ট হলো নিমেষে

গুজরাটের একটি শপিং মলের মেঝেতে মনোযোগ দিয়ে রঙ্গোলি বানাচ্ছেন এক শিল্পী। দীপাবলির মৌসুমে ভারতে প্রতি বাড়িতেই রং দিয়ে এমন আলপনা আঁকা হয়। কিন্তু এই শিল্পীকে দেখা গেল, আলপনার বদলে তিনি একটি নারীর মুখ বানানোর চেষ্টা করছেন। টানা দুই দিন পরিশ্রম করে সেই রঙ্গোলি শেষ করার পর ভেসে উঠল খুব পরিচিত একটি মুখ। আরে! এ যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রানি পদ্মাবতীর বেশে শিল্পী নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন এই নায়িকার মুখ। উৎসুক দর্শক তা দেখার জন্য ভিড় জমিয়েছেন। এরই মধ্যে একদল উগ্রবাদী হইচই করে শপিং মলে ঢুকে নষ্ট করে দিয়ে গেল সেই রঙ্গোলি। ৪৮ ঘণ্টায় তৈরি শিল্প নষ্ট করতে দুই মিনিটও লাগল না। সেই রঙ্গোলির শিল্পী করণ কে তাঁর টুইটার অ্যাকাউন্টে গতকাল সোমবার দুপুরে এ ঘটনার বর্ণনা দিয়েছেন।

সঞ্জয় লীলা বানসালির ঐতিহাসিক ছবি ‘পদ্মাবতী’ নিয়ে ঝামেলার শুরু অনেক আগে থেকে। রাজস্থানে শুটিংয়ের সময় করনি সেনারা সেট ভাঙচুর করে। তাদের হাতে মারও খেয়েছিলেন পরিচালক। পরে চাপের মুখে সেখান থেকে পুরো ইউনিট নিয়ে সটকে পড়েন বানসালি। কথা দেন রাজস্থানে আর কোনো দিন শুটিং করবেন না। কিছুদিন বিরতির পর ছবির শুটিং শুরু করেন মহারাষ্ট্রের ঐতিহাসিক নগর কোলাপুরে। সেখানেও ঘটে বিপত্তি। আগুন জ্বালিয়ে দেওয়া হয় লক্ষাধিক রুপির সেটে। পুড়ে যায় হাজার হাজার টাকার পোশাক। বাকি শুটিং বানসালি শেষ করেন কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে। ছবির শুটিং লোকেশন ও সময় সম্পর্কে কোনো কাকপক্ষীকেও টের পেতে দেননি তিনি। অবশেষে ছবির শুটিং শেষ হয়।
গত মাসে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এর আগে রাজস্থানের জয়পুরের রাজ মন্দিরের সামনে রাজপুতের করনি সেনা সদস্যরা ছবির পোস্টার পোড়ায়। সম্প্রতি রঙ্গোলি নষ্টের ঘটনার সঙ্গেও তারা জড়িত ছিল কি না, সেটা এখনো জানা যায়নি। করণ কে নামের সেই শিল্পী বলেন, হঠাৎ করে একদল লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান দিতে থাকে। এরপর প্রায় এক শ লোক জোর করে ঢুকে রং দিয়ে বানানো সেই ছবিটি নষ্ট করে দেয়।
‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং। এ ছাড়া অদিতি রাও হায়দারিকেও এই সিনেমায় দেখা যাবে বলে জানা গেছে। বলিউড বাবল