শিশু অপহরণকারী বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাহানি-২’-এর পোস্টারে বিদ্যা বালান
‘কাহানি-২’-এর পোস্টারে বিদ্যা বালান

‘কাহানি’ ছবিটির কথা মনে আছে? রহস্য ও থ্রিলারে মোড়া দুর্দান্ত এক ছবি। কলকাতায় গিয়েছিলেন বিদ্যা বালান ...। নিশ্চয় মনে পড়েছে। ​নির্মিত হচ্ছে কাহিনির দ্বিতীয় কিস্তি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ট্রেলার প্রকাশিত হয়েছে পোস্টার। প্রথম পর্বের মতোই ‘কাহানি-২’-এর কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে বিদ্যা বালানকে।


ছবিটির ট্রেলার মুক্তির পর ছবি নিয়ে রহস্যটা আরও বেড়েছে। আবারও আলোচনায় উঠে এসেছেন বিদ্যা বালান। প্রথম দৃশ্যে ফোনালাপ, এর পরেই মৃত্যুশয্যায় তিনি। পোস্টার তো আরও রহস্যময়। প্রথম পোস্টারে অপহরণ ও খুনের দায়ে পুলিশের ‘সন্ধান চাই’ তালিকায় নাম উঠেছে কেন্দ্রীয় চরিত্রের দুর্গা রানি সিংয়ের। আরেক পোস্টারে হাসিমুখে দেখা যাচ্ছে দুর্গারূপী বিদ্যা বালানকে। কোলে এক কন্যাশিশু। রহস্যটা এখানেই। তাহলে কি সত্যিই অপহরণ ও হত্যার অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে বেড়াবেন বিদ্যা? এসব রহস্যের তদন্তে নামেন পুলিশ অফিসার অর্জুন রামপাল। এক সময় তিনিও পড়ে যান দ্বন্দ্বে। রহস্য হয়ে ওঠে আরও গভীর।

পোস্টার, ট্রেলার দেখেই আঁচ করা যাচ্ছে, দর্শকদের টান টান উত্তেজনার মধ্যে ফেলতে যাচ্ছেন পরিচালক সুজয় ঘোষ। ছবি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত রহস্য থেকে রহস্যই। তত দিন অপেক্ষা। টাইমস অব ইন্ডিয়া।