শিশুদের প্রিয় শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খান শুধু বড়দের নন, ছোটদেরও আইকন। হিন্দি সিনেমার এই মহাতারকা সম্প্রতি পেয়েছেন কিডস আইকন পুরস্কার। সোমবার ভারতে নিকেলোডিয়ানের উদ্যোগে কিডস চয়েজ বা ছোটদের পছন্দের তারকাদের পুরস্কৃত করা হয়। ছোটদের আইকন হতে পেরে শাহরুখও ভীষণ খুশি।
পুরস্কার পাওয়ার পর এই অভিনেতা বলেন, ‘আমি সব সময় বলি, যদি শিশুদের মন আমি জয় করতে পারি, তাহলেই আমাকে সত্যিকারের এন্টারটেইনার বলা যাবে। আজকের এই পুরস্কার সেটাই প্রমাণ করল। আমি আজকে খুব খুশি আর এই সম্মাননা আমার কাছে বিশেষ মর্যাদার। শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম, তবুও এখানে হাজির হয়েছি। কারণ, শিশুরা আমাকে নির্বাচন করেছে।’
ছোটদের পছন্দে ২০১৬ সালের সেরা অভিনেত্রী হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁকে ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার জন্য পুরস্কার দেওয়া হয়েছে। আর ‘সুলতান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন সালমান খান।
‘বার বার দেখো’ সিনেমার ‘কালা চশমা’ শিরোনামের গানটি এ বছর ছোটদের কাছে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে। আর তাদের বিচারে বছরের সেরা নৃত্যশিল্পী হয়েছেন অভিনেতা টাইগার শ্রফ।
২০১৩ সাল থেকে ভারতে কিডস চয়েজ পুরস্কার অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দুস্থান টাইমস।