শীতার্তদের জন্য অমিতাভের 'সিলসিলা' জ্যাকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

শীত বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে নিম্নবিত্ত, দরিদ্র মানুষদের শীতের কষ্ট। বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন সম্প্রতি তাঁর কিছু পুরোনো জামাকাপড় শীতার্তদের জন্য পুরোনো কাপড় সংগ্রহ করছে এমন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্লথ বক্স ফাউন্ডেশনকে দিয়ে দিয়েছেন।

অমিতাভের দেওয়া এসব পুরোনো কাপড় বা পোশাকের মধ্যে তাঁর একটি বিশেষ স্মৃতিময় পোশাকও আছে। ‘সিলসিলা’ ছবিতে তিনি যে জ্যাকেটটি পরে অভিনয় করেছিলেন, ‘সিলসিলা’ ছবির সেই ‘স্মৃতি বিজড়িত’ জ্যাকেটটিও তিনি দিয়ে দিয়েছেন শীতার্তদের জন্য।

১৯৮১ সালের সাড়া জাগানো ছবি ‘সিলসিলা’। এ ছবির সঙ্গে জড়িয়ে আছে অমিতাভের অনেক স্মৃতি। চলচ্চিত্র সমালোচকদের অনেকে এমনও বলেন, যে ‘সিলসিলা’ ছবিটি অমিতাভের বাস্তব জীবনের ছায়া কাহিনি। ‘সিলসিলা’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন রেখা ও জয়া ভাদুড়ী। বলিউডের অনেকে লিখেছেন, সেসময় রেখার সঙ্গে অমিতাভের গভীর প্রণয় ছিল।

যা হোক, ‘সিলসিলা’ জ্যাকেটটি শীতার্তদের জন্য দিয়ে অমিতাভ অবশ্য বিন্দুমাত্র বিমর্ষ হননি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শীতার্তদের সহায়তার জন্য আমার কিছু কাপড়চোপড় দিয়ে দিলাম। অমিতাভ টুইটারে হ্যাশট্যাগে লেখেন ‘বিগবিকাগিফট’।


অমিতাভ টুইটে আরও লেখেন, এর মধ্যে একটি জ্যাকেটও রয়েছে। যে জ্যাকেটটি পরে আমি ‘সিলসিলা’ ছবিতে অভিনয় করেছিলাম।’

বলিউডের জনপ্রিয় এই বর্ষীয়ান অভিনেতার দাতব্য কাজের জন্য সুনাম রয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি পোলিও নির্মূল কর্মসূচি থেকে শুরু করে যক্ষ্মামুক্ত হরিয়ানা নামের সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত।

শিগগিরই বলিউডের অভিনেতা অমিতাভকে দেখা যাবে ‘ওয়াজির’ ছবিতে। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ফারহান আখতার, নেইল নিতিন মুকেশ, জন আব্রাহাম, অদিতি রাও হায়দারি প্রমুখ। ইন্দো-এশিয়ান নিউজ।