শুটিং করতে আবার কলকাতায় অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ছবির শুটিংয়ে অমিতাভ বচ্চন lছবি: ভাস্কর মুখার্জি
তিন ছবির শুটিংয়ে অমিতাভ বচ্চন lছবি: ভাস্কর মুখার্জি

বলিউড তারকা অমিতাভ বচ্চন এবার আরেকটি ছবির শুটিং করতে কলকাতায় এসেছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায়। কলকাতা বিমানবন্দরে নামলে অমিতাভ ফ্যান ক্লাবের সদস্যরা তাঁকে মালা পরিয়ে দেন, তাঁদের শহরে স্বাগত জানান। অমিতাভ হাত তুলে বলেন, ‘আবার এলাম কলকাতায়।’ এরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে কালো কাচের গাড়িতে করে একটি পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। অমিতাভ এবার কলকাতায় এসেছেন কাহানির নির্মাতা সুজয় ঘোষ প্রযোজিত তিন ছবির শুটিং করতে। এই কাজের জন্য এখানেই তিনি আগামী দেড় মাস থাকবেন বলে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। তিন পরিচালনা করছেন ঋভু দাশগুপ্ত।
গত সোমবার তিন ছবির শুটিং শুরু হয়েছে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। সে সময় থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন বলিউডের আরও দুই তারকা বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী।
এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। গতকাল শুক্রবার অমিতাভ বচ্চন শুটিংয়ে অংশ নেন। বিগ বির অংশের শুটিং শুরু হয় কলকাতার রবীন্দ্রসরোবরে।
গত বছরের নভেম্বরেও ছবির শুটিংয়ে কলকাতায় এসেছিলেন অমিতাভ বচ্চন। সুজিত সরকারের পিকু ছবির জন্য ‘সিনিয়র বচ্চন’ এসেছিলেন এই শহরে। সেবার কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সামনে তিনি শুটিং করেছিলেন সাইকেলে চড়ে।