শুটিং সেটে ঘুমিয়ে পড়লেন 'বিগ বি'!

কাজের ব্যাপারে অমিতাভ বচ্চন কতটা দায়িত্বশীল সে কথা বলিউডের সবাই জানেন। ৭৪ বছর বয়সেও প্রতিটি দৃশ্য ধারণের আগে অন্তত ১৫ বার মহড়া দেন এই অভিনেতা। আর তিনি-ই কিনা সিনেমার শুটিং করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন! ‘বিগ বি’-কে যাঁরা চেনেন, এই খবর শুনে প্রথমে নিশ্চয়ই তাঁদের চোখ কপালে উঠেছে। কিন্তু অমিতাভের এই ঘুমের কারণ কাজে গাফিলতি নয়। ‘১০২ নট আউট’ ছবির শুটিংয়ে একটি ঘুমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলেন ‘বিগ বি’।
‘১০২ নট আউট’ ছবিতে ১০২ বছরের এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। এখানে তাঁর ছেলের চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে। এদিকে, এই ছবির পাশাপাশি ‘বিগ বি’ এখন আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতেও অভিনয় করছেন। এমনিতে বয়স হয়েছে তাঁর ওপর এত কাজের চাপে ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না এই ‘পিঙ্ক’ অভিনেতা। ‘১০২ নট আউট’ ছবিতে একটি ঘুমের দৃশ্যে শট দিতে গিয়ে সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। দৃশ্য ‘কাট’ করার পরও তিনি বিছানা ছেড়ে উঠছেন না দেখে ছবির অন্য কলাকুশলীরা কিছুটা চিন্তায় পড়ে যান। কাছে গিয়ে দেখতে পান ‘বিগ বি’ নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন।

আর এই ঘটনাটি সম্প্রতি অমিতাভ নিজেই তাঁর ব্লগে শেয়ার করেছেন। সেখানে তিনি মজা করে লিখেছেন, ‘চিত্রনাট্যে ঘুমের দৃশ্য আশীর্বাদের মতো।’
কিছুদিন আগে তিনি নিজের ব্লগে লিখেছিলেন, ২০১৯ সাল পর্যন্ত শিডিউল দেওয়া আছে তাঁর। আর এই বয়সে এত কাজের চাপ নেওয়াকেও মোটেই বেশি উচ্চাকাঙ্ক্ষী মনে করছেন না তিনি। ‘১০২ নট আউট’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। এই ছবির মাধ্যমে দীর্ঘ ২৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে অমিতাভ ও ঋষি কাপুরকে। বলিউড বাবল