শুটিং সেটেই যোগব্যায়াম!

যোগব্যায়ামের দারুণ ভক্ত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। মানসিক চাপ কমানো ও শরীর ফিট রাখতে যোগেই তাঁর ভরসা। তাই বলে শুটিং সেটেও যোগ! সম্প্রতি নাচের প্রতিযোগিতা ‘সুপার ড্যান্সার’-এর সেটেই যোগে বসে গিয়েছিলেন প্রতিযোগিতার এই বিচারক।
‘সুপার ড্যান্সার’-এর প্রতিযোগীরা সব শিশু। বেশির ভাগের বয়সই চার থেকে পাঁচ বছর। বাছাইপর্ব থেকে কেউ বাদ পড়লে সেটের ভেতরেই কান্নাজুড়ে দেয় তারা। শিশুদের সেই কান্না একেবারেই সহ্য করতে পারেন না শিল্পা। কিন্তু প্রতিযোগিতার নিয়মে অডিশন পর্ব থেকে কাউকে না কাউকে বাদ দিতেই হবে। প্রতিযোগী-বিচারক দুজনের জন্যই ব্যাপারটা কষ্টের। তাই শুটিং শুরুর আগে মানসিক চাপ দূর করতে কিছুক্ষণ যোগব্যায়াম করে নেন শিল্পা শেঠি। এতে নাকি অনেকটাই চাপমুক্ত হন তিনি।
‘সুপার ড্যান্সার’-এ বিচারক হিসেবে আরও আছেন কোরিওগ্রাফার গীতা কাপুর ও চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু। শনিবার থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে দেখানো হবে প্রতিযোগিতার অনুষ্ঠানটি। বলিউড বাবল।