শুটিংয়ে পাঁজরে চোট পেয়েছেন অমিতাভ

‘তিন’ ছবির শুটিংয়ের কাজে শহর কলকাতা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছিলেন বলিউডের মেগাস্টার ৭৩ বছর বয়সী অমিতাভ বচ্চন। কখনো স্কুটারে, কখনো টোটোতে। কিন্তু এরই মধ্যে ‘তিন’ ছবির শুটিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এই কিংবদন্তি অভিনেতা চোট পেয়েছেন পাঁজরে।
অমিতাভ বচ্চন এক ব্লগ পোস্টে তাঁর এই শুটিং দুর্ঘটনার খবরটি জানিয়েছেন। যদিও এই বর্ষীয়ান অভিনেতা তাঁর ভক্তদের আশ্বস্ত করতে লিখেছেন, ‘চিন্তার কোনো কারণ নেই’। কিন্তু বয়স বিবেচনা করলে তাঁর আহত হওয়ার বিষয়টি চিন্তার বৈকি।
৬ জানুয়ারি এক পোস্টে অমিতাভ লিখেছেন, ‘পাঁজরে চোট পেয়েছি। ব্যথা করছে। শ্বাসপ্রশ্বাসের সময় আঘাতের জায়গাটায় ব্যথা করে। বরফ দিয়েছি, ব্যথা কমার ওষুধও খেয়েছি। আমার ডাক্তারকেও বিষয়টা জানিয়েছি। তিনি জানিয়েছেন, ৪৮ ঘণ্টা বিশ্রাম নেওয়া উচিত আমার।’
বুধবার সকালে এক ব্লগপোস্টে অমিতাভ এসব কথা লেখেন। তিনি জানিয়েছেন, ডাক্তার যে সিদ্ধান্ত দেবেন সেভাবে হয় এক্স-রে নয়তো এমআরআই— কিছু একটা পরীক্ষা করাতে হবে।
শুটিংয়ে পাঁজরে চোট পেলেও কিন্তু অমিতাভ বচ্চন তাঁর ‘ওয়াজির’ ছবিটির প্রচার নিয়ে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন।
টুইটারে এক টুইট বার্তায় এ প্রসঙ্গে ‘বিগ বি’ লিখেছেন, ‘শুটিংয়ে চোট পেয়েছি... কিন্তু ঠিক আছে... সন্ধ্যায় বন্ধুদের নিয়ে কলকাতার সাউথ সিটি মলে যাচ্ছি ‘‘ওয়াজির’’ দেখতে।’
‘তিন’ ছবিটি প্রযোজনা করছেন সুজয় ঘোষ এবং পরিচালনা করছেন ঋভু দাশ গুপ্ত। এ ছবিটির শুটিং শুরু হয়েছিল কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। অমিতাভ বচ্চনের পাশাপাশি এ ছবিতে আরও অভিনয় করেছেন বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী। ‘তিন’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। মিড-ডে। টাইমস অব ইন্ডিয়া।