শুধু বজরঙ্গীর সঙ্গেই অভিনয় করতে চায় 'মুন্নি'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান ও হারশালি
সালমান খান ও হারশালি

বলিউডের ছবির ভক্ত-দর্শকেরা ‘বজরঙ্গী ভাইজান’ ছবির ‘মুন্নি’কে হয়তো একনামেই চিনবেন। কিন্তু হারশালিকে কি সবাই চেনেন? যে ছোট্ট অভিনয়শিল্পী ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছে তাঁরই আসল নাম হারশালি মালহোত্রা। সম্প্রতি হারশালি জানিয়েছে, তার সবচেয়ে প্রিয় নায়ক সালমান খান এবং পরবর্তী ছবিতেও সে সালমান খানের সঙ্গেই কাজ করতে চায়। আর কাউকেই নাকি মনে ধরে না এই ছোট্ট তারকার।

কবির খানের ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় হারিয়ে যাওয়া এক পাকিস্তানি শিশুর চরিত্রে অভিনয় করেছে হারশালি। এই ছবিতে দেখানো হয়েছে, একসঙ্গে থাকতে থাকতে একসময় ‘মুন্নি’ আর ‘বজরঙ্গী’; (সালমান খান) এ দুজনের মধ্যে খুব ভালো একটি বন্ধন তৈরি হয়। কিন্তু বাস্তবে ছবির কাজ শেষ হয়ে গেলেও মুন্নির ‘মামু’ সালমানের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট।

‘বজরঙ্গী ভাইজান’ ছবির একটি দৃশ্যে সালমান খান ও হারশালি
‘বজরঙ্গী ভাইজান’ ছবির একটি দৃশ্যে সালমান খান ও হারশালি



দিন কয়েক আগে শিশুশিল্পী হারশালির কাছে জানতে চাওয়া হয়েছিল ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার? উত্তরে হারশালি প্রথমেই বলেছে সালমান খানের নাম। আর কাউকে ভালো লেগেছে কিনা জানতে চাইলে সে জানায়, ‘কবির আংকেল’ (কবির খান)।

হারশালি জানিয়েছে, ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুটিংয়ের ফাঁকে সালমান খানের সঙ্গে টেবিল টেনিস খেলতেও নাকি ভালো লাগত তার। এই ছবিতে যেমন দেখানো হয়েছে তেমনি বাস্তবেও নাকি মুরগির মাংস খেতে ভীষণ ভালোবাসে হারশালি। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘মুন্নি’র সালমান আংকেল প্রায়ই শুটিংয়ের সেটে মজাদার ‘চিকেন বিরিয়ানি’ নিতে আসতেন তার জন্য।

বড় হয়ে একজন ‘সুপার স্টার’ হতে চায় হারশালি মালহোত্রা। তবে, সুপারস্টার হতে আর কী বাকি আছে এই শিশুশিল্পীর! এক ‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে অভিনয় করেই তো মুগ্ধ করে রেখেছে হাজারো দর্শককে। এনডিটিভি।