শুভ জন্মদিন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৪ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন
৭৪ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন

বয়সকে ফুঁ দিয়ে উড়িয়ে তিনি আজ পা দিলেন ৭৪ বছর বয়সে৷ তিনি ‘বিগ বি’, বলিউডের ‘শাহেনশাহ’। সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’। তাঁর ভরাট কণ্ঠ এবং অভিনয়-জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। তিনি অমিতাভ বচ্চন। জন্মদিনের সুন্দর দিনটিতে ভেসে যাচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিগ বিকে নানা রকম ছবি আর স্ট্যাটাস উৎসর্গ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুসারীরা।
মঙ্গলবার সকাল সকাল অমিতাভ বচ্চনকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
নরেন্দ্র মোদি টুইট করে লিখলেন, ‘অমিতজি, আপনার জন্মদিনে আপনাকে শুভেচ্ছা জানাই৷ আপনার বহুমুখী প্রতিভা ও আপনার ভদ্র স্বভাব, আপনার প্রতি আমাকে অনুরাগী করে তুলেছে৷ আপনার লম্বা আয়ু ও সুস্বাস্থ্য কামনা করি৷’
উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম। তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তাঁর মা তেজি বচ্চন ফয়সালাবাদের (এখন পাকিস্তানে) এক শিখ-পাঞ্জাবি। ভারতের স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় শব্দ ‘ইনকিলাব জিন্দাবাদের’ অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তাঁর নাম বদলে রাখা হয় অমিতাভ। 

বচ্চন অভিনেত্রী জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান—শ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন। অভিষেকও পেশায় অভিনেতা এবং তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেছেন। ১৯৮৪ সালে তাঁদের অনেক দিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। তিনি এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পার্থক্যে জয়লাভ করেন। তবে তাঁর রাজনৈতিক জীবন সংক্ষিপ্ত ছিল। তিন বছর পরে তিনি পদত্যাগ করেন।
ভারতীয় সিনেমায় অবদানের জন্য ২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মানও প্রদান করা হয়? শুধু তা-ই নয়, ফ্রান্সের তরফ থেকে ২০০৭ সালে ‘নাইট অব দ্য লন্ডন’ সম্মানও দেওয়া হয়৷ ৭৪ বছর বয়সেও বলিউডের এই প্রজন্মের হিরোদের সঙ্গে বক্স অফিসে টক্কর দেন অমিতাভ।
৭০ শেষ থেকে বলিউড তাঁর দখলে। প্রথম দিকে টানা ২০ বছর একের পর এক হিট ছবি দিয়েছেন। প্রযোজকেরা লাভ কুড়িয়েছেন। কিন্তু এখন আর এসব টাকার অঙ্ক নিয়ে মাথা ঘামান না অমিতাভ বচ্চন। ছবি কত টাকা রোজগার করল, তা নিয়েও নয়। কারণটা বললেন নিজেই। অমিতাভ বলেন, ‘আমার ছবি ১০০ কোটির ক্লাবে ঠাঁই পাবে না। এটুকু বাস্তবজ্ঞান আমার আছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এসব ভাবাও উচিত নয়। যখন ছবির হিরো হতাম, তখন এসব নিয়ে ভাবতাম। কারণ, তখন আমার কাঁধে অনেক বেশি দায়িত্ব ছিল।’
এখন শুধু ছবির চিত্রনাট্য, গল্প, ছবিতে তাঁর চরিত্র নিয়ে ভাবেন বিগ বি। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। তিনি বললেন, ‘৭৪ বছর বয়সেও এত পরিচালক আমার সঙ্গে কাজ করতে চান। রোজ ঘুম থেকে উঠে কাজে যাই। এর চেয়ে বেশি আর কী পেতে পারি! এ জন্য নিজেকে ভাগ্যবান মনে হয়।’
সূত্র: উইকিপিডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া