শুরুটা তবে সুশান্তকে দিয়ে

সাইফ-অমৃতা কন্যা সারা আলী খান শুরু করতে যাচ্ছেন তাঁর বলিউড ক্যারিয়ার। বলিউডের ‘ধোনি’ সুশান্ত সিং রাজপুতের নায়িকা হিসেবে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। এত দিন তাঁকে নিয়ে ছড়িয়েছে নানা গুজব ও গুঞ্জন। এর আগে কোনো সেলিব্রিটি কন্যার বলিউডে আত্মপ্রকাশকে ঘিরে এত গুঞ্জন হয়েছিল কি না জানা নেই। তবে এই মুহূর্তের তাজা খবর হচ্ছে, ‘ফিতুর’খ্যাত পরিচালক অভিষেক কাপুরের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সারা। আর তাঁর নায়ক হবেন সুশান্ত সিং রাজপুত।
সুশান্ত বলিউডে পা রেখেছিলেন অভিষেক পরিচালিত ‘কাই পো ছে’ ছবি দিয়ে। শোনা যাচ্ছে, নাম ঠিক না হওয়া অভিষেকের নতুন ছবির শুটিং শুরু হতে দেরি আছে। এমনও হতে পারে, শুটিং শুরু হবে আগামী বছর। আর নির্মল ভালোবাসার এই ছবিটি প্রযোজনা করবে সম্ভবত বালাজি মোশান পিকচার্স।
এর আগে রূপবতী সেলিব্রেটি কন্যা সারাকে ঘিরে বলিউডের বাতাসে উড়েছিল নানা কথা। জোর গুজব ছিল, করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। তাঁর বিপরীতে দেখা যাবে টাইগার শ্রুফকে। সেই সম্ভাবনাকে ফুঁ মেরে উড়িয়ে দেন সাইফ আলি খান। আবার এও শোনা গিয়েছিল যে, আমির খানের ‘থগস অব হিন্দুস্তান’-এ দেখা যাবে সারাকে। ‘দঙ্গল’-এর অভিনেত্রী ফাতিমা সানা শেখ এবং ক্যাটরিনা কাইফকে সেই ছবির জন্য নির্বাচনের পর সারার সম্ভাবনা নাকচ হয়ে গেল।
সালমানের জামাই আয়ুশ শর্মার ছবিতে প্রথম কাজটি করবেন সারা—শোনা গিয়েছিল এই কথাও। রটেছিল, বলিউড সুপারস্টার হৃতিকের সঙ্গে জুটি বেঁধে সাইফ-অমৃতা কন্যা বলিউডে যাত্রা শুরু করবেন। সেই ছবির চিত্রনাট্যকার এবং পরিচালক হবেন করণ মালহোত্রা। এর আগে করণ পরিচালনা করেছিলেন অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘ব্রাদার্স’। এমনকি শহিদ কাপুরের ভাই ঈশান খত্তরের নায়িকা হিসেবে হলিউড ছবি ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-এর রিমেকে অভিনয়ের কথা ছিল সারার। কিন্তু মা অমৃতার পরামর্শে ছবিটি থেকে সরে এসেছিলেন সারা। এখন দেখা যাক, নবাব খানদানের আদুরে এই কন্যা সুশান্তের নায়িকা হয়ে তাঁর বলিউড ক্যারিয়ার শুরু করেন কি না।