শুরুতেই সারার বাজিমাত

সারা আলী খান
সারা আলী খান

মাত্র দুটি ছবিতে অভিনয় করেছেন সারা আলী খান। ইতিমধ্যে বিটাউনের প্রথম সারির পরিচালকদের মন জয় করে নিয়েছেন সাইফ-অমৃতাকন্যা। বলিউডের নামজাদা চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজেরও হৃদয়জুড়ে এখন সারা। সারা তাঁর ক্যারিয়ারের শুরুতেই বাজিমাত করেছেন।

বিশাল ভরদ্বাজ সারাকে প্রথম দেখেন কেদারনাথ ছবিতে। আর তখনই এই পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন নবাগতা এই সুন্দরী। এর পরপরই সারাকে বিশাল দেখেন সিম্বা ছবিতে। তখনো তাঁর অভিনয় মন কাড়ে বিশালের। আর তখন থেকেই এই পরিচালক স্থির করেছিলেন যে তাঁর টিমে সারার মতো দাপুটে অভিনেত্রীকে নেবেন। এবার বোধ হয় বিশালের এই আশা পূরণ হতে চলেছে। বিটাউনে জোর রব, সারা এই দাপুটে পরিচালকের আগামী ছবিতে কাজ করতে চলেছেন। ইতিমধ্যে সাইফকন্যা নাকি বিশালের ছবির চিত্রনাট্য শুনেছেন। আর সারা আপাতত তাঁর সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি। বিশাল তাঁর এই প্রজেক্টটি জোরদারভাবে আনতে চলেছেন। শোনা গেছে, নারীকেন্দ্রিক ছবি হতে চলেছে এটি৷ শুটিং আগামী বছরে শুরু হবে।

ভালোবাসা দিবসের দিন মুক্তি পেতে চলেছে সারা আলী খান অভিনীত ছবি আজ কাল। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে সারার বিপরীতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে। এখন এই বলিউড অভিনেত্রী ব্যস্ত কুলি নম্বর ওয়ান ছবির শুটিংয়ে। আগামী বছর মে মাসে ছবিটি আসতে চলেছে। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে সারা বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন।