শূন্য থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

‘মামা/চাচার জোর ছাড়া আজকাল কিছু হয় নাকি?’ এ কথা বলিউডের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হিসাব ব্যতিক্রম। বলিউডে তাঁর কেউ ছিলেন না। অভিষেকের সময়টায় মুম্বাইতেও কাউকে চিনতেন না তিনি। একা একটা মেয়ে শুধু প্রতিভার জোরে হিন্দি সিনেমার দর্শকদের মাত তো করেছেনই, এমনকি পা রেখেছেন আন্তর্জাতিক পর্যায়েও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি একদম শূন্য থেকে শুরু করেছিলাম; কোনো রকম সাহায্য ছাড়া। মুম্বাই শহরে আমি তখন কাউকে চিনতাম না। আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছি, সব একা, একদম নিজের চেষ্টায়। কারও সমর্থন ও সাহায্য ছিল না আমার সঙ্গে।’
তবে আজকের অবস্থানের জন্য ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
মাত্র ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মাথায় ওঠে বিশ্বসুন্দরীর মুকুট। এর তিন বছর পর বলিউডে নাম লেখান। দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই ছিল তাঁর প্রথম ছবি।
গত বছর থেকে মার্কিন ধারাবাহিক কোয়ান্টিকোতে অভিনয় শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া। এই সিরিয়ালের দুটি কিস্তিতেই তিনি আছেন। আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এই ভারতীয় অভিনেত্রীর প্রথম হলিউড ছবি বেওয়াচও মুক্তি পাবে খুব শিগগির। হিন্দুস্তান টাইমস।