শেষ হলো লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা
দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি ও আনুশকা শর্মা

এবার শেষ হলো লুকোচুরির পালা। বিয়েটা লুকিয়ে করলেও এবার সবার সামনে এসেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় রাত সাড়ে আটটায় হাতে হাত রেখে মিডিয়ার জন্য হেঁটে এলেন নবদম্পতি।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের মেয়ে আনুশকা শর্মা সেজেছেন একেবারে বাঙালি কনের বেশে। পরেছেন লাল রঙের বেনারসি, সিঁথিতে সিঁদুর, খোঁপায় ফুল আর হাতে চূড়া (চুরি)। আরও ছিল গলাভর্তি আনকাট ডায়মন্ডের চোকার ও কানে ঝুমকো। শাড়ির ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এই ‘হেরিটেজ ব্রাইডাল কালেকশন’-এর দাম নাকি প্রায় ৩০ লাখ রুপি।

অনুষ্ঠানে বিরাট কোহলি পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সিল্কের কালো রঙের বন্ধ গলা শেরওয়ানি। তাতে আছে ১৮ ক্যারেটের সোনার বোতাম। সঙ্গে মানানসই সিল্কের ব্রোকেড চুড়িদার। কাঁধে স্টাইল করে রাখা পশমিনা শাল।

ভারতের এ সময়ের অন্যতম আলোচিত বিয়ের এই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে আসেন স্বামী-স্ত্রী। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে ছবি তোলেন।

পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে ছিলেন আনুশকার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল অজয় শর্মা, মা অসীমা ও ভাই কর্ণেশ। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কপিল দেব, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, সুরেশ রায়না ও আশীষ নেহরা। এ ছাড়া ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, অ্যাক্টিং বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরাও।

বলিউড ও ক্রিকেট জগতের মানুষকে নিয়ে আরেকটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ২৬ ডিসেম্বর এই অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। বিরাটের পক্ষ থেকে এ অনুষ্ঠানের কার্ড সবার আগে পাঠানো হয়েছে ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের বাসায়, আর আনুশকা প্রথম কার্ডটি পাঠিয়েছেন শাহরুখ খানকে।

১১ ডিসেম্বর সকালে ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

চলচ্চিত্র তারকা শাহরুখ খান ভারতের সবচেয়ে বড় ব্র্যান্ড। যেকোনো পণ্যের প্রচারে শাহরুখকেই ভরসা মানে বড় বড় সব ব্র্যান্ড। এদিকে শাহরুখের রাজ্যপাট দখল করতে বসেছেন বিরাট কোহলি। ব্র্যান্ড মূল্যে শাহরুখকে টপকে ভারতের সেরা ব্র্যান্ড এখন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেল্পস প্রতিবছর ১৫ জন তারকার একটি তালিকা তৈরি করে। খুব সহজ একটি তালিকা, বিভিন্ন পণ্যের অ্যাম্বাসেডর হয়ে কে কত আয় করতে পারেন, তার সম্ভাব্য একটি হিসাব! সে হিসাব অনুযায়ী শাহরুখের বর্তমান মূল্য ১৪৩ মিলিয়ন ডলার আর ভারতীয় ক্রিকেটকে স্বর্ণযুগ এনে দেওয়ার স্বপ্ন দেখানো কোহলির ব্র্যান্ড মূল্য এখন ১৪৪ মিলিয়ন ডলার!