শোকসভায় নবীন আর প্রবীণের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী কাপুরের জন্য প্রার্থনা সভায় চলচ্চিত্র জগতের নবীন–প্রবীণ তারকারা। ছবি: প্রথম আলো
শশী কাপুরের জন্য প্রার্থনা সভায় চলচ্চিত্র জগতের নবীন–প্রবীণ তারকারা। ছবি: প্রথম আলো

শশী কাপুরের জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে। বলিউডের এই অভিনেতার স্বপ্নের পৃথ্বী থিয়েটারে যখন শোকসভা চলছিল, তখন আশপাশের সব দোকান বন্ধ রাখা হয়। শশী কাপুরের ছবির নানা পোস্টার আর সাদা ফুল দিয়ে পৃথ্বী থিয়েটার সাজিয়ে তোলা হয়। পৃথ্বী থিয়েটারের পর্দায় ভেসে আসে দাদাসাহেব ফালকে সম্মাননা পাওয়া এই অভিনেতার বিভিন্ন ছবির দৃশ্য।

চলচ্চিত্র জগতের নবীন–প্রবীণ অনেকেই এসেছিলেন এই শোকসভায়। তাঁদের মধ্যে ছিলেন ওয়াহিদা রহমান, আশা ভোসলে, ফরিদা জালাল, হেমা মালিনী, সিমি গারেওয়াল, নাসিরউদ্দিন শাহ, রত্না শাহ পাঠক, গুলজার, জিতেন্দ্র, জাকির হোসেন, চিত্রা সিং, পদ্মিনী কোলহাপুরে, রানী মুখার্জি, প্রেম চোপড়া, টিনু আনন্দ, সুভাষ ঘাই, নন্দিতা দাস, সোনালি কুলকার্নি, ড্যানি, কিরণ কুমার, বিধু বিনোধ চোপড়া, অনুপমা চোপড়া, মধুর ভান্ডেরকর, অঞ্জন শ্রীবাস্তব, সুধীর মিশ্র, সোহা আলী খান, কিরণ রাও, কুনাল খেমু। সবাই একে একে এসে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তাঁদের প্রিয় মানুষটির স্মৃতির উদ্দেশে। উপস্থিত সবার জন্য প্রসাদ হিসেবে ছিল দেশি ঘি দিয়ে তৈরি হালুয়া।

অমিতাভ বচ্চন ও আমির খান ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিংয়ের জন্য এখন থাইল্যান্ডে। তাই অমিতাভ এদিন আসতে পারেননি। কাপুর পরিবারের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন এই শোকসভায়। তবে ঋষি কাপুর, রণবীর কাপুর আর কারিনা কাপুরকে দেখা যায়নি। শশী কাপুরের মৃত্যুর সময় ভাইপো ঋষি কাপুর দিল্লিতে ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবি ‘রাজমা চাওল’-এর শুটিংয়ে। কাকার মৃত্যুর খবর পেয়ে তখন তিনি শুটিং থেকে চলে আসেন।

৫ ডিসেম্বর বিকেলে মারা যান শশী কাপুর।