শোনা যাবে না শ্রদ্ধার গান?

কথা ছিল খুব শিগগির বেরোবে বলিউডের অভিনেত্রী-গায়িকা শ্রদ্ধা কাপুরের গানের অ্যালবাম। নায়িকা থেকে পুরোদস্তুর গায়িকা হওয়ার জন্যও প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু যে প্রতিষ্ঠানটি থেকে শ্রদ্ধার অ্যালবাম বেরোনোর কথা ছিল; তারা জানিয়েছে, অ্যালবামটি তারা বের করছে না।
প্রযোজনা প্রতিষ্ঠানই পিছিয়ে গেছে- তাহলে কী এতই বাজে গেয়েছেন হালের এই বলিউড তারকা! খুব একটা মন্দ গান না শ্রদ্ধা কাপুর। শ্রোতারা শ্রদ্ধার গান ‘এক ভিরেন’ আর ‘হায়দার’ ছবিতে শুনেছেনও। শ্রদ্ধার গায়কি নিয়েও তাদের কোনো সংশয় নেই। সমস্যা আসলে প্রযোজনা প্রতিষ্ঠানের।
প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রদ্ধা নাকি তাঁদের সঙ্গে অ্যালবামের বিষয়টি নিয়ে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছেন না। আর এদিকে, শ্রদ্ধার সঙ্গে যোগাযোগ করে কিছুতেই তাঁকে নাগালে পাচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মীরা। তাই হাল ছেড়ে পিছিয়ে গেছেন তাঁরা।
শ্রদ্ধার ঘনিষ্ঠজনেরা কিন্তু বলছেন ভিন্ন কথা। বক্স অফিসে পরপর কয়েকটি সফল ছবি দেওয়া শ্রদ্ধার ব্যস্ততা ইদানীং একটু বেশিই বেড়েছে। অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধার কাছে একটি ছবিরও প্রস্তাব এসেছিল। সে সময় ব্যস্ত শ্রদ্ধা তাঁর পারিশ্রমিক একটু বাড়িয়ে বলেছিলেন। আর এতেই নাকি সব সমস্যা সৃষ্টি হয়েছে। শ্রদ্ধার হাত থেকে ফসকে গেছে ছবি; সেই সঙ্গে তাঁর গানের অ্যালবামটিও।
তবে, এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না ‘ক্রাইম মাস্টার’ শক্তি কাপুরের এই মেয়ে। গানের চর্চা তিনি ঠিকই চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা রেওয়াজ করছেন, গান শিখছেন প্রিয়াঙ্কা চোপড়ার প্রশিক্ষক সামান্থা এডওয়ার্ডসের কাছে। এমনকি শ্রদ্ধার আগামী ছবি ‘রক টু’তে তিনি গাইবেন তিনটি গান। নিজের একক অ্যালবাম না হোক, নিজের ছবির গান দিয়েই শ্রদ্ধা জিইয়ে রাখছেন তাঁর ভেতরের গায়িকাকে। বলিউড লাইফ।