শোয়ার্জনেগারকে হটিয়ে রোবট হচ্ছেন অক্ষয়

ক্যারিয়ারে শুরুতে একের পর এক ফ্লপ ছবির জন্ম দিয়ে অক্ষয় কুমার একসময় বুঝে গেছেন কি করে নিজের আসনটি পাকাপোক্ত করতে হবে বলিউডে। নিজেকে বারবার ভেঙেছেন, ভিন্ন ভিন্ন ব্যতিক্রমী চরিত্রে হাজির হয়েছেন বড়পর্দায়। সেখানে সফলও হয়েছেন। এবার বলিউডের এই ‘খিলাড়ি’ অভিনেতাকে দেখা যাবে রোবটের ভূমিকায়।
অক্ষয় কুমার এলেন আর্নল্ড শোয়ার্জনেগারের জায়গায়; রজনীকান্তের ‘রোবট ২’ ছবিতে। এর আগে জানা গিয়েছিল যে, হৃতিক রোশন কিংবা নেইল নীতিন মুকেশ অভিনয় করতে পারেন ওই চরিত্রে।
কিন্তু সম্প্রতি খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় অক্ষয় কুমার জানিয়েছেন, বছরের শেষটা ভালোই হলো। সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘রোবট ২’ ছবিতে অভিনয় করছেন তিনি।
এর আগে অক্ষয় কুমার ও রজনীকান্ত কখনোই একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি। বলে রাখা ভালো, মেগাস্টার রজনীকান্তের ছবি ‘রোবট ২’-এর বাজেট ৪০০ কোটি ভারতীয় রুপি। এনডিটিভি।