শ্বশুরবাড়িতে ক্যাটরিনার সুজির হালুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা নিজের ইনস্টা স্টোরিতে নিজের হাতে বানানো এক পিরিচ হালুয়ার ছবি শেয়ার করেছেন
কোলাজ

বিয়ের পর শ্বশুরবাড়ির সবার সঙ্গে জমিয়ে সংসার করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর পাশাপাশি তাঁর নতুন পরিচয় হলো ভিকি কৌশলের স্ত্রী। ভিকির আরেক পরিচয়, তিনি ক্যাটরিনার স্বামী। নতুন জীবন, নতুন পরিবার, নতুন সংসার পেয়ে দারুণ খুশি এই দুই বলিউড তারকা। আর তারই ঝলক ধরা পড়ল ক্যাটের ইনস্টাগ্রাম স্টোরিতে।

ক্যাটরিনা তাঁর বিবাহিত জীবন বেশ ভালোই উপভোগ করছেন। আর এই নতুন জীবনের এক সুন্দর মুহূর্ত তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন। আর পাঁচজন গৃহিণীর মতো হেঁশেলে গিয়ে রীতিমতো হাতা-খুন্তি নেড়েছেন ক্যাট। নিজের হাতের রান্না শ্বশুরবাড়ির সবাইকে খাইয়েছেন।

মেহেদিতে ক্যাটরিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ক্যাটরিনা নিজের ইনস্টা স্টোরিতে নিজের হাতে বানানো এক পিরিচ হালুয়ার ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে একটি পিরিচে সুজির হালুয়া হাতে তিনি। তবে এখানে শুধু তাঁর হাতই দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির বারান্দায় তিনি ছবিটি তুলেছেন। ছবির ক্যাপশনে এই বলিউড নায়িকা লিখেছেন, ‘আমি বানিয়েছি।’ ছবির তলায় ক্যাটরিনা লিখেছেন, ‘চৌকা চরধানা।’

আসলে ভারতীয় রীতি অনুযায়ী বিয়ের কিছু দিন নতুন কনেকে প্রথমবার নিজের হাতে কিছু বানাতে হয়। আর সেটা কোনো মিষ্টি হওয়া চাই। তাই ক্যাট বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ির সবার জন্য সুজির হালুয়া বানালেন।

ক্যাটরিনা কাইফ
ইনস্টাগ্রাম

৯ ডিসেম্বর অত্যন্ত আড়ম্বরের সঙ্গে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন।

ভিকি আর ক্যাটরিনা শিগগিরই জুহুতে নিজেদের নতুন বাসায় উঠবেন

কদিন আগে মধুচন্দ্রিমা সেরে একে অপরের হাত ধরে মুম্বাইতে ফিরেছেন এই নবদম্পতি। শোনা যাচ্ছে, ২০ ডিসেম্বর মুম্বাইয়ের জেডব্লুউ ম্যারিয়ট হোটেলে রিসিপশনের আয়োজন করতে চলেছেন তারা। ভিকি আর ক্যাটরিনা শিগগিরই জুহুতে নিজেদের নতুন বাসায় উঠবেন। পাঁচ বছরের জন্য নতুন এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বলিউডের এই তারকা দম্পতি। সব মিলিয়ে তাঁদের আট কোটি রুপি মতো ভাড়া দিতে হবে বলে জানা গেছে।