শ্রদ্ধার অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

ছোটবেলা থেকে পর্দায় বাবা শক্তি কাপুরকে শুধু পিটুনি খেতে দেখেছেন। এবার তো শোধ নেওয়ার পালা! কিন্তু আট-আটটি ছবি করে ফেললেও অ্যাকশন দৃশ্যে নামার সুযোগই পাচ্ছিলেন না শ্রদ্ধা কাপুর। অবশেষে শক্তিকন্যা নিজের কবজির জোর দেখানোর সুযোগ পাচ্ছেন। বাঘিতে ধুমধাম অ্যাকশন মারপিট করতে দেখা যাবে তাঁকে।
এমন সুযোগ পেয়ে শ্রদ্ধা আহ্লাদে আটখানা, ‘প্রথমবারের মতো আমার ছবিতে অ্যাকশন দৃশ্য করব। এই সুযোগ পেয়ে আমি খুবই খুশি। শুটিং শুরুর আগে ব্যাংককে আমাকে এ জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। এটা হবে আমার জন্য নতুন কিছু শেখা। এ নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত!’
টানা পাঁচ দিন দু-তিন ঘণ্টা ধরে কুংফু-কারাতে শিখছেন শ্রদ্ধা। অবশ্য প্রতি ছবিতেই নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছেন। এক ভিলেন-এ বাইক চালানো শিখেছেন, এবিসিডি টুতে শিখেছেন বিভিন্ন ধরনের নাচ, রক অন টু-এর জন্য শিখেছেন পিয়ানো। মারপিট শেখাটাই বা বাদ থাকে কেন?
ভিলেন-বাবার হয়ে ‘প্রতিশোধ’ নিতে এবার ভিলেনদেরই পিটিয়ে ছাতু বানাবেন শ্রদ্ধা! টিওআই।