শ্রদ্ধার অ্যাডভেঞ্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

ছোট থেকে বড় হয়েছেন বাবাকে দুদ্দাড় মার খেতে দেখে দেখে। কিন্তু বাবার হয়ে প্রতিশোধ নিতে যে হাতের সুখ মিটিয়ে নেবেন, সেই সুযোগই মিলছে না। কী সব প্রেমের প্যানপ্যানানি মার্কা ছবি। অ্যাকশন ছাড়া কি জমে! শ্রদ্ধা কাপুর নিজের ‘হতাশা’র কথা লুকাননি। শক্তি কাপুরের মেয়ে রুপালি পর্দায় নিজের কবজির শক্তি দেখাতে মুখিয়ে আছেন।
শ্রদ্ধার চাওয়া অনেকটাই পূরণ হয়ে যাচ্ছে নতুন ছবি বাগিতে। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এই ছবিতে ‘আরোহী’র সুবোধ বালিকার খোলস ছুড়ে ফেলছেন শ্রদ্ধা। তবে সেই ছবিও মুক্তি পেতে ঢের বাকি। এর আগেই শ্রদ্ধা অ্যাকশন দৃশ্যে কাজ করার সুযোগ পেলেন। সেটি অবশ্য একটি পণ্যের প্রচারণার কাজে। ল্যাকমের পণ্যদূত শ্রদ্ধাকে দেখা গেল, ৩৪ তলা উঁচু ভবনের বাইরের দিকে দড়ি বেয়ে নামতে।
রোমাঞ্চিত শ্রদ্ধা বলেছেন, ‘বিল্ডিংয়ের ছাদ থেকে ঝুলন্ত স্টান্ট করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। এটা করতে খুব আগ্রহ হচ্ছিল। এ ধরনের সুযোগ খুব একটা মেলে না। আমাকে তাই এটা চেখে দেখতেই হতো।’ এর সঙ্গে যোগ করেছেন, ‘এখন আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমার ছবিগুলোতেও এ ধরনের স্টান্ট করতে চাই।’ আইএএনএস।