শ্রদ্ধার জন্য শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

হাতে দুটো ছবির কাজ, পাশাপাশি বিজ্ঞাপনের কাজও রয়েছে; তাই সিনেমার কাজের পাশাপাশি বিজ্ঞাপনের শুটিংও করতে হচ্ছে তাঁকে। ঠাসা শিডিউল শ্রদ্ধা কাপুরের। সম্প্রতি সময় মেলাতে টানা ৭২ ঘণ্টা কাজ করে সবাইকে চমকে দিয়েছেন বলিউডের এই গায়িকা-অভিনেত্রী।
একেই হয়তো বলে জাত শিল্পী! ঐতিহ্যগতভাবেই বলিউডের শক্তিমান অভিনেতা শক্তি কাপুর তনয়া শ্রদ্ধা কাপুরের রক্তে মিশে আছে শিল্পচর্চা। আর কাজেও এর প্রমাণ দিয়েছেন তিনি। সম্প্রতি আবারও টানা ৭২ ঘণ্টা কাজের মাঝে কাটিয়ে তিনি জানিয়ে দিলেন ধন্য বাবার ধন্যি মেয়ে তিনি।
মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রদ্ধা কাপুর মাত্র কয়েকটি ঘণ্টার জন্য মুম্বাই আসেন। সেখানে একটি ব্র্যান্ডের প্রচারের জন্য সাংবাদিক সম্মেলন করেন। তারপর দুটো মিটিং করেন। এরপর আবারও ব্যাংককের বিমান ধরেন যাতে ছবির কাজ আটকে না থাকে।
শ্রদ্ধা কাপুরের কাজের প্রতি এই নিরলস একাগ্রতার জন্য তাঁর প্রতি শ্রদ্ধা জাগে, জানিয়েছেন সংবাদ সম্মে​লনে উপস্থিত বেশ কয়েকজন সংবাদমাধ্যম কর্মী।
আপাতত ‘বাগী’ আর ‘রক অন টু’, এই দুই ছবিতে কাজ করছেন তিনি। ব্যাংককে চলছে ‘বাগী’ ছবির কাজ। আবার, একটি ব্র্যান্ডের প্রচারের জন্য তাঁর সাংবাদিক সম্মেলনও করার কথা। সে জন্য ব্যাংককে সারা রাত শুটিং করে মুম্বাইয়ের বিমান ধরেছিলেন তিনি।
অভিনেত্রীর মুখপাত্র এ খবর সমর্থন করে বলেছেন, শ্রদ্ধা কাপুর তাঁর নিজের ব্র্যান্ডের প্রতি পুরোপুরি দায়বদ্ধ। সে জন্য মাত্র দুই ঘণ্টার জন্য হলেও মুম্বাই এসেছিলেন। কাজ সেরে শুটিংয়ের জন্য আবার ব্যাংককে ফিরে গেছেন।

শ্রদ্ধার ‘বাগী’ এবং ‘রক অন টু’ এই দুটি ছবিই দর্শকেরা দেখতে পাবেন আগামী বছর। টাইমস অব ইন্ডিয়া।