শ্রদ্ধার নতুন মন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুরের নানা গুণ। বলিউডে অভিনয়ের পাশাপাশি ভালো গাইতেও পারেন এই গায়িকা-অভিনেত্রী। বাবা শক্তি কাপুর ছিলেন নামকরা ভিলেন। বলিউডের একটা বিশেষ অধ্যায়ের সঙ্গে শক্তি কাপুরের নাম জড়িয়ে আছে। কিন্তু মেয়ে শ্রদ্ধাও কম যান না। বলিউডে সফল হতে গেলে হাতে থাকা চাই পর্যাপ্ত ছবি। সম্প্রতি সাফল্যের নতুন এক মন্ত্র পেয়েছেন শ্রদ্ধা। শ্রদ্ধা জানিয়ে দিয়েছেন, তাঁকে ছবিতে নিলে অভিনয়ের পাশাপাশি সেই ছবির জন্য গানও গাইবেন তিনি।
‘বাঘি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা। এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধা।
আর এই মন্ত্র যে সত্যি সত্যিই কাজ করতে শুরু করেছে, তার প্রমাণও মিলেছে। এরই মধ্যে তিন-তিনটা ছবির জন্য চুক্তি স্বাক্ষর করেছেন শ্রদ্ধা কাপুর। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে একজন কলেজপড়ুয়া উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। আর এই ছবিতে যে শ্রদ্ধার গান থাকবে, তা তাঁর চরিত্রটিই বলছে।
অবশ্য ভিত্তিও কম মজবুত নয় নতুন প্রজন্মের এই অভিনেত্রীর। শৈশব থেকেই বলিউডের সঙ্গে সম্পর্ক তাঁর। বাবার সঙ্গে নিয়মিত শুটিং স্পটে আসা-যাওয়া করতে করতেই ‘রাজাবাবু’ ছবিতে ‘লুঙ্গি’ পরে নাচ, ‘তোহফা’ ছবিতে বাবা শক্তি কাপুরের সেই বিখ্যাত সংলাপ, ‘আও মিস ললিতা’ কিংবা ‘চালবাজ’ ছবির ‘ম্যায় নানহা সা ছোটা সা বাচ্চা হু’ আওড়ানো ছিল শ্রদ্ধার সবচেয়ে পছন্দের কাজ।

শ্রদ্ধা কাপুরের খালা পদ্মিনী কোলহাপুরীও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। মা সংগীতশিল্পী শিবাঙ্গী কোলহাপুরী ও খালা পদ্মিনীকে দেখেই গানের প্রতি আগ্রহ জন্মেছিল শ্রদ্ধার। আর এভাবেই একসময় হয়ে যান গানের মানুষ।
বোস্টন বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়েছেন। এর পর একটা সময় সিদ্ধান্ত নিয়েই বলিউডে পা রাখা। এরই মধ্যে আদিত্য রায় কাপুরের বিপরীতে শ্রদ্ধা কাপুরের জুটিকে একালের অন্যতম সেরা জুটি হিসেবে চিহ্নিত করছেন অনেকে। স্বল্প সময়ের ক্যারিয়ারের একটা পর্যায়ে হলিউডের স্যার বেন কিংসলে, বলিউডের অমিতাভ বচ্চনের সঙ্গে ‘তিনপাত্তি’ ছবিতে অভিনয়ের সুযোগও পেয়েছেন শ্রদ্ধা।
‘আশিকি’র নায়িকা এই মেয়ে যে সংশপ্তক, তা তাঁর চলার পথ দেখলেই বোঝা যায়।
কাজেই এই নতুন মন্ত্রে শ্রদ্ধা যে তাঁর ক্যারিয়ারে সাফল্য পাবেন—সেটা বলাই বাহুল্য। এনডিটিভি। পিটিআই।