শ্রদ্ধার হ্যাটট্রিক!

‘আশিকি-২’ ছবি দিয়েই সবার নজর কেড়েছিলেন বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ক্যারিয়ার খুব বেশিদিনের নয়, তবে বক্স অফিসে তাঁর বেশির ভাগ ছবিই সফল। এই নিয়ে পরপর তিনবার বক্স অফিস মাত করলেন শ্রদ্ধা।
২০১৪ সালে ‘এক ভিলেন’, ২০১৫-তে ‘এবিসিডি-২’ বক্স অফিসে সাফল্য পেয়েছিল। শ্রদ্ধার সর্বশেষ মুক্তি পাওয়া ‘বাগি’ ছবিটিও মুক্তির প্রথম দিন থেকেই খুব ভালো ব্যবসা করছে। ‘এক ভিলেন’ প্রায় ১৭ কোটি রুপি আর ‘এবিসিডি-২’ ১৪ কোটি রুপি কামিয়ে নিয়েছিল প্রথম দিনেই। শ্রদ্ধার নতুন ছবি ‘বাগি’র প্রথম দিনে আয় ১২ কোটি রুপি ছুঁই ছুঁই করছে।
টানা তিনবারের এমন সাফল্যে যারপরনাই খুশি শ্রদ্ধা কাপুর। ‘এই অনুভূতি ভাষার প্রকাশ করা মুশকিল। বক্স অফিসের আয় আমার কাছে দর্শকদের অসীম ভালোবাসা ও সমর্থনের প্রতীক।’ এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।