শ্রীঘরে যেতে হতে পারে হৃতিককে!

হৃতিক রোশন আর কঙ্গনা রনৌতের মধ্যকার বিবাদটি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। তারকাদের এমন শ্রীহীন হাঙ্গামা বোধ হয় বলিউডের ইতিহাসেই বিরল এক ঘটনা। এমন কথা বলিউডের অনেক বর্ষীয়ানই বলছেন। তাঁদের অনেকেরই ধারণা— এবার হয়তো শ্রীঘরেই যেতে হবে হৃতিককে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
হৃতিক ও কঙ্গনা— এই দুই বলিউড তারকার বিরুদ্ধে দুজনের পাল্টাপাল্টি অভিযোগের কথা এরই মধ্যে সংবাদমাধ্যমের কল্যাণে কম বেশি প্রায় সবাই-ই জেনে গেছে। দুজনেই পরস্পরকে আইনি নোটিশ পাঠিয়েছেন। এই দুই তারকার বাগদানের খবরও জেনে গেছেন ভক্তরা। কিন্তু এবার বিপত্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন হৃতিক রোশন।
কঙ্গনা রনৌতের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চাইলে হৃতিককে ১০ বছর শ্রীঘরে (জেলে) রাখা যাবে।
স্পটবোয়ি ডটকমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রীতিমতো আইনের ধারা উল্লেখ করেই হৃতিকের জেলে যাওয়ার বিষয়টিকে নিশ্চিত করে জানিয়েছেন রিজওয়ান। তাঁর মন্তব্য; হৃতিকের এবার পালাবার কোনো পথ নেই। কঙ্গনা চাইলেই গ্রেপ্তার হবেন তিনি!
আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলছেন বটে, কিন্তু বি টাউনের ‘কুইন’ কঙ্গনা হৃতিকের জেলে যাওয়ার এই বিষয়টি নিয়ে ঠিক এখনই কোনো সিদ্ধান্ত নেননি।
বেশ কদিন ধরেই বলিউডের এই দুই তারকাকে নিয়ে উত্তাল ভারতীয় গণমাধ্যম। পরস্পরের প্রতি পাল্টা অভিযোগ, প্রেম, বাগদান ও বিয়ের পাশাপাশি গোপন অভিসারের নানা মুখরোচক খবরে প্রায় প্রতিদিনই উঠে আসছেন দুই তারকা। তবে অনেকেই বলছেন, এবার শিগগির হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছাবেন কঙ্গনা। টাইমস অব ইন্ডিয়া।