শ্রীদেবী দর্শন
• মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসা ‘গ্রিন অ্যাক্রস’-এ।
• শেষবিদায়ের অপেক্ষায় তাঁর ‘দিওয়ানা’রা।

দূরদূরান্ত থেকে ছুটে এসেছে কাজল, আরতি, সানারা। মুম্বাইয়ের পথেঘাটে তিন দিন, তিন রাত জেগে শ্রীদেবী দর্শনের অপেক্ষায় তাঁর হাজার হাজার অনুরাগী। জানা গেছে, গতকাল মঙ্গলবার চেন্নাই ও হায়দরাবাদ থেকে ‘চাঁদনি’র অনুরাগীরা ৪০টি বাসে চেপে রওনা দিয়েছে মুম্বাইয়ের পথে। শুধু একবার প্রাণহীন শ্রীদেবীকে দর্শনের জন্য উন্মাদ বলিউড তথা অসংখ্য অনুরাগী। এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীদেবীর ‘চালবাজ’ ছবির সেই গানের কথা ভীষণ মনে পড়ছে, ‘না জানে কাহা সে আয়ি হ্যায়, না জানে কাহা ইয়ে জায়েগি, দিওয়ানা কিসে বানাইগি ইয়ে লাড়কি।’ জানি না ‘শ্রী’, আপনি কোথায়। তবে আজ এখানে সজল চোখে বলিউডের এই ‘রূপ কি রানি’কে শেষবিদায়ের অপেক্ষায় তাঁর ‘দিওয়ানা’রা।
গতকাল রাতে অনিল আম্বানির ব্যক্তিগত জেটে করে দুবাই থেকে মুম্বাইয়ে আনা হয় শ্রীদেবীর মরদেহ। একই বিমানে ছিলেন বনি কাপুর, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুরসহ কাপুর পরিবারের আরও সদস্য। বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, অনিল আম্বানিসহ আরও অনেকে। অ্যাম্বুলেন্সে করে বলিউডের ‘চাঁদনি’র মরদেহ নিয়ে যাওয়া হয় আন্ধেরি লোখান্ডওয়ালাতে, তাঁর বাসা ‘গ্রিন অ্যাক্রস’-এ। গতকাল রাতে এই আবাসনে আসতে দেখা যায় বলিউড তারকা সালমান খান, মনীশ মালহোত্রাকে। এ রাতে গ্রিন অ্যাক্রসের সামনে ভিড় করেন সংবাদমাধ্যমসহ শ্রীদেবীর অনুরাগীরা। নয় থেকে নব্বইকে দেখা যায় এই ভিড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বারবার লাঠিপেটা করতে হয়।
আজ বুধবার সকাল ৮টা ৩৫ মিনিট, একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে আন্ধেরির লোখান্ডওয়ালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের সামনে। শ্রীদেবীর গ্রিন অ্যাক্রস আবাসন থেকে মাত্র ১০০ মিটার দূরে এই ক্লাব। এই এলাকার সব রাস্তা এখন বন্ধ রাখা হয়েছে। কোনো যানবাহন চলাচল আপাতত বন্ধ এই রাস্তায়। সকাল ৮টা ৫৮ মিনিটে অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর মরদেহ স্পোর্টস ক্লাবে এসে পৌঁছায়। অন্য গাড়িতে ছিলেন অনিল কাপুর, বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবীসহ আরও অনেকে। সংবাদমাধ্যম এখন অপেক্ষায় এই ক্লাবের সামনে। গেটের সামনে থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। যশরাজ থেকে সংবাদমাধ্যমের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।