শ্রীদেবী নয়, 'হাওয়া হাওয়াই'তে এবার বিদ্যা

ফের রুপালি পর্দায় আসছে ব্লকবাস্টার গান ‘হাওয়া হাওয়াই’। ভক্তরা ভাবতে পারেন, এ আর এমন কী? ও তো দেখা যায় ঘরে বসেই। শ্রীদেবীর রূপের একঝলক দেখতে ইউটিউবে ঢুঁ দিলেই হলো। তাদের জন্য বলে রাখি, ঘটনা কিন্তু এত হালকা নয়। সেই গানটি থাকছে ঠিক। তবে শ্রীদেবীর বদলে তাতে এবার নাচবেন ডার্টি পিকচারখ্যাত বিদ্যা বালান। শিগগিরই আসছে বিদ্যার ছবি তুমহারি সুলু। সেখানেই থাকছে মিস্টার ইন্ডিয়া ছবির জনপ্রিয় এই গানটি।

তবে ভারতীয় ছবিতে পুরোনো গানের নতুন সংগীতায়োজন চলছে অনেক দিন থেকেই। এটা নতুন কিছু নয়। পুরোনো গানের নতুন স্বাদে ভক্তরা রোমাঞ্চিতও বটে। হালের ‘হাম্মা হাম্মা’ ও ‘তাম্মা তাম্মা’ গানের নবজীবন লাভ তার জলজ্যান্ত উদাহরণ। বলে রাখি, শ্রীদেবীর ভক্ত বিদ্যা বালান। ছবিতে বিদ্যা একজন রেডিও জকি। তাঁর সঙ্গে দেখা যাবে নেহা ধুপিয়াকে। এ ছবির পরিচালক সুরেশ ত্রিবেণি। গানটির নতুন সংগীতায়োজনের দায়িত্ব পড়েছে তানিষ্ক বাগচির ঘাড়ে। ১৯৮৭ সালে সেই সময়ের নস্টালজিয়া ধরতে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠ রাখা হবে বুদ্ধির কাজ, এমনটা মনে করছেন ছবির নির্মাতা। তবে নতুন কোনো শিল্পীও নাকি গাইতে পারেন গানটি, এমনটা জানিয়েছেন সংগীতায়োজক তানিষ্ক। এ গানের কোরিওগ্রাফি করবেন রাজীব সুরতি। গানটি তৈরি হবে এ মাসে। ছবির জন্য অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত। বলিউড হাঙ্গামা