শ্রীদেবীর ছবি দেখেছেন জাহ্নবী?

প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হচ্ছে আগামী ২০ জুলাই। ছবির নাম ‘ধড়ক’। প্রথম ছবি মুক্তির আগেই তারকা হয়ে গেছেন জাহ্নবী। ভারতের সব সংবাদমাধ্যমে এখন প্রতিদিনই থাকছে তাঁর খবর। মা বরেণ্য অভিনেত্রী শ্রীদেবী আর বাবা চিত্র প্রযোজক বনি কাপুরের জন্য পাচ্ছেন সবার বাড়তি আগ্রহ। কিন্তু যে মায়ের জন্য আজ তিনি তারকা, সেই মায়ের কোনো ছবি জাহ্নবী দেখেছেন?
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শ্রীদেবী ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। জাহ্নবী জানালেন, মায়ের কয়েকটি ছবি তিনি দেখেছেন। এর মধ্যে তাঁর খুব প্রিয় ছবি ‘সদমা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ইংলিশ ভিংলিশ’ আর ‘মম’। আবার এই চারটি ছবির মধ্যে শ্রীদেবী মনে রাখার মতো অভিনয় করেছেন ‘সদমা’ ছবিতে, এমনটাই মনে করেন জাহ্নবী। বললেন, ‘ছবির শেষ দৃশ্যটা কখনোই ভুলতে পারব না।’
মায়ের অভিনয় কাছ থেকে দেখেছেন জাহ্নবী। ‘ইংলিশ ভিংলিশ’ আর ‘মম’ ছবির সেটে মায়ের সঙ্গে প্রায়ই গিয়েছেন। জানালেন, মা কীভাবে অভিনয় করছেন, তা কাছ থেকে দেখার অভিজ্ঞতাই আলাদা। মা-বাবার সঙ্গে বিভিন্ন দেশে ঘুরেছেন জাহ্নবী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিল্ম অ্যাক্টিংয়ের ওপর কোর্স করতে যান। জানালেন, তখনই সিদ্ধান্ত নেন, অভিনয়ই হবে তাঁর ক্যারিয়ার।

চলচ্চিত্রের পরিবেশকে মোটেও নতুন মনে হয় না জাহ্নবীর। কারণ, যখন থেকে বুঝতে শিখেছেন, তখন থেকে তিনি বাসায় চলচ্চিত্রের একটা পরিবেশ পেয়েছেন। চলচ্চিত্রের মানুষজনের মাঝেই বড় হয়েছেন। শুটিং, নায়ক-নায়িকা, ক্যামেরা, লাইট, অ্যাকশন—সবকিছু সেই ছোটবেলা থেকেই দেখেছেন, শুনেছেন।
মায়ের কাছ থেকে পেয়েছেন নানা উপদেশ। তবে মায়ের একটা কথা সব সময় মনে থাকবে তাঁর। বললেন, ‘মা সব সময় বলতেন, প্রথমে একজন সৎ মানুষ হও। তারপর ভালো অভিনেত্রী হবে। সত্যি, আমি ভালো অভিনেত্রী হতে চাই। গত এক বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। এই পুরো সময় মনপ্রাণ উজাড় করে আমার ছবিকে দিয়েছি।’
মারাঠি ছবি ‘সাইরাট’-এর রিমেক হলো ‘ধড়ক’। ছবিটি নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন প্রযোজক করণ জোহর বনি কাপুর, শ্রীদেবী আর জাহ্নবীর জন্য ছবিটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। জাহ্নবী জানালেন, ওই দিন ছবিটি দেখে সবাই খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন।