শ্রীদেবীর সঙ্গে ঝগড়া ছিল জয়াপ্রদার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়াপ্রদা
জয়াপ্রদা

চলচ্চিত্রে শ্রীদেবীর শুরুটা হয়েছিল ১৯৬৯ সালে আর জয়াপ্রদার ১৯৭৪ সালে। এরপর তাঁরা প্রায় সমানতালেই অভিনয় করে গেছেন। ছিলেন প্রায় সমান জনপ্রিয়। ওই সময় শোনা গিয়েছিল, তাঁদের সম্পর্ক এতটাই খারাপ যে তাঁরা একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখেন না। কোনো অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় না তাঁদের। গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াত হন শ্রীদেবী। এরপর তাঁর জন্য শোক প্রকাশ করেছেন জয়াপ্রদা। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এবার কলকাতায় এসে এক সাক্ষাৎকারে শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বললেন, ‘আমাদের মধ্যে নাকি ভয়ানক দ্বন্দ্ব ছিল! এটা মোটেই ঠিক না। এসব নিয়ে কিছু মানুষ সব সময় নানা গল্প সাজিয়েছে। কিন্তু কেউ বলতে পারবে না, আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়েছে কিংবা এ ধরনের কোনো কথা আমরা কেউ বলেছি। তবে এটা ঠিক, আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ছিল। যেহেতু আমরা একই সময়ে কাজ করেছি, এ ধরনের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক।’

‘আত্মজা’ ছবির দৃশ্যে জয়াপ্রদা
‘আত্মজা’ ছবির দৃশ্যে জয়াপ্রদা

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা চলচ্চিত্রে অভিনয় করছেন ২০ বছর। এই সময় তিনি অভিনয় করেছেন হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম আর কান্নাড়া ভাষার ছবিতে। তবে বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাংলা ভাষায় তাঁর প্রথম ছবি ‘আমি সেই মেয়ে’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয় ছবিটি। সেটা ১৯৯৮ সালের কথা। এরপর আরেকটি বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। ছবির নাম ‘শেষ সংঘাত’। মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। নয় বছর পর আবার বাংলা ছবিতে অভিনয় করেছেন জয়াপ্রদা। তাঁর এবারের ছবি ‘আত্মজা’। পরিচালক অতনু বোস। গত শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবির প্রচারণায় কলকাতায় যান তিনি।

চলচ্চিত্রে ব্যস্ত থাকতেই ১৯৯৪ সালে ভারতের জাতীয় রাজনীতিতে যোগ দেন জয়াপ্রদা। ভারতের একসময়ের জনপ্রিয় নায়ক, চিত্র পরিচালক, চিত্র প্রযোজক, সম্পাদক এন টি রমা রাও তেলেগু দেশম পার্টি গঠন করেন। পরে তিনি হায়দরাবাদের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। তাঁরই আমন্ত্রণে একেবারে হঠাৎ করে রাজনীতির সঙ্গে যুক্ত হন জয়াপ্রদা। বললেন, ‘এনটিআরের একটা ফোনে আমি রাজনীতিতে এসেছিলাম।’

এন টি রমা রাওয়ের অভিনয় সেই ছোটবেলা থেকেই দেখেছেন জয়াপ্রদা। একসময় তাঁর ছবির নায়িকাও হয়েছেন। বললেন, ‘এনটিআরের তখন আমাকে দরকার ছিল। অনেকে বাধা দিয়েছিলেন। কিন্তু তাতে কান দিইনি।’ তবে এর জন্য অনেক মূল্য দিতে হয়েছে জয়াপ্রদাকে। বললেন, ‘রাজনীতিতে এসে সমাজবাদী পার্টির কাছ থেকে ভয়ানক অপমান সহ্য করেছি। মুলায়ম সিং যাদব আর অখিলেশ যাদবের বিরোধের সময় কিছু না বুঝে মুলায়ম সিংকে সমর্থন করেছিলাম। তাতে অখিলেশ আমাকে পার্টি থেকে বের করে দেয়।’

শ্রীদেবী
শ্রীদেবী

এখন আবার চলচ্চিত্রে অভিনয় করছেন জয়াপ্রদা। বললেন, ‘রাজনীতিতে ব্যস্ততার কারণে অনেক দিন হিন্দি সিনেমা থেকে দূরে থেকেছি। লোকসভার চাপ ছিল। ইচ্ছা থাকলেও তখন ছবিতে অভিনয় করতে পারিনি। এখন আবার কাজ করছি।’

‘তনাজ’—এই ২৭ বছর ধরে সিনেমা হিট হচ্ছে। আজও মানুষ প্রেক্ষাগৃহে আসেন তানাজকে দেখতে। ‘আত্মজা’ ছবিতে এই ‘তনাজ’ চরিত্রে অভিনয় করেছেন জয়াপ্রদা। ময়ূখ সেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী। একসময় মানুষের ছবি তুলতেন, আর এখন তোলেন জীবজন্তুর ছবি। হঠাৎ মারা যান। মৃত্যুর আগে একটি ডায়েরি রেখে যান। ডায়েরিটা পেয়ে যায় তাঁর মেয়ে। সঙ্গে চিরকুট। তাতে লেখা আছে, ‘আমি চাই, ডায়েরিটা তুই পৌঁছে দিস তোর মায়ের কাছে।’ এরপর চলতে চলতে ভয়ংকরভাবে বদলে যাওয়া এই মেয়ের জীবনের গল্প নিয়ে অতনু বোস তৈরি করেছেন ছবিটি। এই ছবিতে আরও আছেন কোয়েল ধর, সাহেব ভট্টাচার্য, কৌশিক সেন, সুপ্রিয় দত্ত প্রমুখ।

কোয়েল ধর ছবিতে নিজের চরিত্র নিয়ে বললেন এভাবে, ‘আত্মজা’ কথার অর্থ কন্যাসন্তান। ছবিতে এই কন্যাসন্তানের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর চরিত্রের নাম অদিতি। গানবাজনা নিয়ে থাকে। নেপালে বড় হয়েছে। ধনী বাবার বখে যাওয়া মেয়ে। তবে সারা জীবন সে যাকে বাবা বলে জেনেছে, একসময় সে জানতে পারে, সেই ব্যক্তি তার আসল বাবা নয়। একটি ডায়েরি তার সব বদলে দেয়।

আর জয়াপ্রদা বলেন, ‘ছবিটি এই সময় আমার সঙ্গে বেশ মানিয়ে গেছে। এখানে আমি মা। একজন ডিভা। সন্তানকে কাছে পাওয়ার জন্য যে অনেক কিছু করতে পারে। মায়ের ভূমিকায় অভিনয় করাটা আমার কাছে দারুণ লেগেছে।’