শ্রীদেবীর 'চালবাজ'-এ আলিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীদেবী ও আলিয়া ভাট
শ্রীদেবী ও আলিয়া ভাট

শ্রীদেবী-অনিল কাপুরের জনপ্রিয় ছবি ‘মি. ইন্ডিয়া’র রিমেকের কথা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন। প্রযোজক বনি কাপুর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সম্প্রতি শ্রীদেবী তাঁর অভিনীত ছবি ‘চালবাজ’-এর রিমেকের ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর একান্ত ইচ্ছা ‘চালবাজ ২’-এ আলিয়া ভাট অভিনয় করুন। সম্প্রতি এ অভিনেত্রী বলেন, ‘চালবাজ’ ছবিতে তাঁর অভিনীত যমজ বোন ‘অঞ্জু’ ও ‘মঞ্জু’ চরিত্র দুটির জন্য আলিয়া একদম উপযুক্ত। আলিয়া স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করতে পারেন। তাঁর অভিনয় খুব স্বাভাবিক। আলিয়া খুব স্মার্ট এবং চনমনে অভিনেত্রী। আর ওকে সাদাসিধে মনে হয়।
আলিয়ার আবার অন্য রকম ইচ্ছে। তিনি জানান, ‘আমি “মি. ইন্ডিয়া ২”-এ শ্রীদেবীর চরিত্রে অভিনয় করতে চাই। আমি এই ছবিটা খুব পছন্দ করি। আমি মনে করি, “মি. ইন্ডিয়া” সবার পছন্দের সিনেমা। তিন দশক আগে মুক্তি পাওয়া ছবি আজও সবার মনে জায়গা করে রেখেছে। তাই রিমেক ছবির ক্ষেত্রে আমি সব সময় চাইব “মি. ইন্ডিয়া ২” সিনেমায় অভিনয় করতে।’
এখন দেখা যাক, প্রযোজক বনি কাপুর এবার স্ত্রী শ্রীদেবীর ইচ্ছাপূরণ করতে এগিয়ে আসেন কি না! ব্যাটে-বলে মিলে গেলে আলিয়াও হয়ে যেতে পারেন সেই ছবির নায়িকা।
সম্প্রতি শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবিটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে দর্শকদের মনে সাড়া জাগাতে শুরু করেছে এই ছবি। এখানে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পাকিস্তানি শিশুশিল্পী সজল আলী। অনেক দিন পর অক্ষয় খান্নাও এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন।