শ্রুতিকে নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রুতি হাসান
শ্রুতি হাসান

গল্প যেমনই হোক, নায়ক কে, সেটাই তো দেখার বিষয়। অজয় দেবগনের সঙ্গে অভিনয়ের সুযোগটা তাই হাতছাড়া করতে চান না শ্রুতি রাজালক্ষ্মী হাসান। কলিউড ও বলিউড মাতানো শ্রুতি একাধারে গায়িকা ও নায়িকা। হিন্দি, তামিল ও তেলেগু সিনেমা নিয়ে তাঁর ব্যস্ততার শেষ নেই। এরই মধ্যে তাঁর কথা হয়েছে ডার্টি পিকচার ছবিখ্যাত নির্মাতা মিলান লুথরিয়ার সঙ্গে। নতুন ছবি বাদশাহোর নায়িকা হিসেবে শ্রুতিকে পেতে চান মিলান। বেশ কয়েকবার বৈঠকও হয়েছে তাঁদের। মিলানের ছবিতে কাজ করতে মৌখিকভাবে রাজিও হয়েছেন শ্রুতি। তবে চুক্তি সই করার আগে চিত্রনাট্যটি একবার দেখবেন তিনি। শ্রুতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘ছোট্ট একটা ঝামেলা আছে!’ তাই ব্যাটে-বলে সবকিছু মিলেও যেন মিলছে না।
মৌখিকভাবে ছবির যে গল্পটি তিনি শুনেছেন, সেটি ভালো। শ্রুতির চরিত্রটিও খারাপ না। তবে খসড়া যে চিত্রনাট্য তিনি দেখেছেন, সেটার সঙ্গে মৌখিকভাবে শোনা চিত্রনাট্যের গল্পটা মেলাতে পারছেন না শ্রুতি। তাই চূড়ান্ত চিত্রনাট্য না দেখে কোনো সিদ্ধান্ত নয়, এটাই কমল হাসান–কন্যার আপাতত চূড়ান্ত সিদ্ধান্ত।
যা হোক, শ্রুতির হাতে কাজের শেষ নেই। ফলে কয়েক মাস পিছিয়ে যাচ্ছে বাদশাহোর শুটিং। চূড়ান্ত চিত্রনাট্যটি শ্রুতির পছন্দ হলেই বলিউড পেতে যাচ্ছে ব্যতিক্রমী একটি জুটির নতুন সিনেমা।
শ্রুতির নতুন তামিল ছবি পুলি আসছে এ মাসেই। এই ছবিতে অভিনয় করেছেন ভারতের চিরসবুজ তারকা অভিনেত্রী শ্রীদেবী। ছবিতে শ্রুতির নায়ক বিজয়। হিন্দুস্তান টাইমস।