শ্শ্শ্! সুহানা!

ডিভানে অষ্টাদশী। তাঁর খোলা চুল, উন্মুক্ত ডান কাঁধ ও হাঁটু। পোশাকে নীল রঙের আধিক্য। বাঁ হাতের ওপর মাথাটা সামান্য কাত করে রাখা। আবেদন ছড়ানো দৃষ্টিতে চেয়ে আছেন রাজকন্যা! সামনে থাকলে ঠোঁটে তর্জনী ছুঁয়ে বলতে ইচ্ছে করবে, শ্শ্শ্! সুহানা!

‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা খান। এর মধ্য দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রবেশ করলেন তিনি। আজ বুধবার ‘ভোগ’ ম্যাগাজিনের আগস্ট সংখ্যাটি হাতে ধরা একটি ছবি মাইক্রোব্লগ টুইটারে পোস্ট করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। গর্বিত বাবা লিখেছেন, ‘ওকে আবারও দুই হাতে তুলে ধরলাম, ধন্যবাদ ভোগ। সবটুকু ভালোবাসা তোমার জন্য, আর একটি দীর্ঘ আলিঙ্গন। হ্যালো সুহানা খান!’
শাহরুখ খানের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক করণ জোহরও শুভেচ্ছা জানিয়েছেন সুহানাকে। টুইটে লিখেছেন, ‘ওকে স্টেজে দেখে গর্বে বুকটা ফেটে যাচ্ছিল। আশ্চর্য, গভীর ও সত্যিকারের মেধাবী সে। আলোর ভুবনে স্বাগতম সোনা। কঠিন সময়েও তোমাকে ভালোবাসায় মুড়ে রাখব। আর আমাকে কখনো “আংকেল” না ডাকার জন্য ধন্যবাদ। ভালোবাসা।’ মিড-ডে