সংলাপও হয় কালজয়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোলে
শোলে

সারা বছর কতই তো চলচ্চিত্র মুক্তি পায়। ছবির কাহিনি, শিল্পীদের অভিনয়, সব মিলিয়ে হাতে গোনা কয়েকটি ছবির নামই কিন্তু মানুষের মনে গেঁথে থাকে বছরের পর বছর। এমনকি কিছু ছবি আছে, যার সংলাপও মানুষের মুখে মুখে জনপ্রিয় হয়ে ওঠে। আবার ছবি তেমন হিট না হলেও অনেক সময় কোনো ছবির নির্দিষ্ট কোনো সংলাপ মানুষের মনে ঠিকই দাগ কেটে যায়। হিন্দি সিনেমার এমনই কিছু জনপ্রিয় সংলাপ নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

‘দিওয়ার’ (১৯৭৫)
এই ছবিতে অমিতাভ বচ্চন শশী কাপুরকে এক দৃশ্যে বলেন, ‘মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, পয়সা হ্যা…তুমহারে পাস ক্যায়া হ্যায়?’ 

এর উত্তরে শশী কাপুর বলেন, ‘মেরে পা মা হ্যায়।’
এরপর এত বছর পেরিয়ে গেছে, কিন্তু এই সংলাপ হিন্দি সিনেমার দর্শক আজও ভুলতে পারেননি।

‘শোলে’ (১৯৭৫)
এই ছবিতে ডাকাত চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। গাব্বার সিংয়ের সেই চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সে সময়। শুধু ওই চরিত্র নয়, চরিত্রের কিছু সংলাপ এখনো মানুষ ব্যবহার করে। এই যেমন গাব্বার সিংয়ের খুব জনপ্রিয় একটি সংলাপ, ‘কিতনে আদমি থে?’

‘শাহেনশাহ’ (১৯৮৮)
এই ছবিতে অমিতাভ বচ্চনের একটি সংলাপ ছিল এমন, ‘রিশতে মে তো হাম তুমহারা বাপ লাগতা হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ।’

‘নেমক হালাল’ (১৯৮২)
‘আই ক্যান টক ইংলিশ, আই ক্যান ওয়াক ইংলিশ, আই ক্যান রান ইংলিশ…বিকজ ইংলিশ ইজ আ ফানি ল্যঙ্গুয়েজ।’ অমিতাভের মুখের এই মজার সংলাপ মানুষ এখনো অনেক জায়গায় মজা করে ব্যবহার করে।

‘অমর প্রেম’ (১৯৭১)
রাজেশ খান্নার, ‘পুষ্পা, আই হেট টিয়ারস’ সংলাপটি মোটেও কোনো মজার সংলাপ ছিল না। কিন্তু দর্শক এই সংলাপটি তামাশা করেই ব্যবহার করে সব সময়।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫)
শাহরুখ খান এই সিনেমায় নায়িকা কাজলকে এক দৃশ্যে বলেন, ‘বড়ে বড়ে শেহরো মে ইন ছোটি ছোটি বাতে তো হোতি রেহতি হ্যায়।’ ব্যস… এটি শোনার পর বড় বড় শহরের মানুষের খুব মনে ধরে যায় সংলাপটি। তাই বুঝি মওকা পেলেই মজা করে কথার মধ্যে জুড়ে দেন এই লাইন।

‘মিস্টার ইন্ডিয়া’ (১৯৮৭)
এই সিনেমার ভয়ালদর্শন খলনায়ক অমরেশ পুরির, ‘মোগাম্বো খুশ হুয়া’ সংলাপটি যাঁরা ছবিটি দেখেননি, তাঁদেরও অনেকের জানা আছে। কোনো কিছুতে খুশি হলে মজা করে এই সংলাপ দেওয়ার একটি চলও শুরু হয়েছিল সে সময়।

‘মুন্না ভাই এমবিবিএস’ (২০০৩)
‘টেনশন লেনে কা নেহি, টেনশন শ্রেফ দেনে কা’—মুন্না ভাইয়ের চরিত্রে সঞ্জয় দত্তের এই সংলাপ যে এমন কালজয়ী হবে, সেটা হয়তো সংলাপ রচয়িতা নিজেও ধারণা করতে পারেননি।

‘ওম শান্তি ওম’ (২০০৭)
দীপিকা পাড়ুকোনের মুখে ‘এক চুটকি সিন্দুর কা কিমত তুম ক্যায়া জানো রমেশ বাবু।’—খুব আবেগপ্রবণ একটি সংলাপ। কিন্তু মজা করে এটি এতবার ব্যবহার করা হয়েছে যে এই সংলাপ শুনলেই এখন হাসি পেয়ে যায়।

‘দাবাং’ (২০১০)
‘থাপ্পার সে ডর নেহি লাগতা সাব, প্যায়ার সে লাহতা হ্যায়।’ সোনাক্ষী সিনহার প্রথম ছবি ‘দাবাং’-এ তাঁর অভিনয় যত না প্রশংসিত হয়েছে, তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাঁর এই সংলাপ।