সঞ্জয় দত্তের মজুরি বাড়ল ১৫ রুপি

অস্ত্র মামলায় সশ্রম কারাদণ্ড পাওয়া বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত পুনের ইয়েরাওয়াড়া কারাগারে জেল খাটছেন। সেখানে কাগজের ব্যাগ তৈরির কাজ দেওয়া হয়েছে তাঁকে। এত দিন দিনে মাত্র ২০ থেকে ৩০ রুপি মজুরি পেতেন সঞ্জয়। তবে সম্প্রতি তাঁর মজুরি ১৫ রুপি বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে দিনে ৪০-৪৫ রুপি মজুরি পাবেন তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ইয়েরাওয়াড়া কারাগারের একজন কর্মকর্তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, গত মাসে কারাবন্দীদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঞ্জয় দত্তের মজুরি ১৫ রুপি বেড়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী হওয়ার পরপরই কাগজের ব্যাগ তৈরির কাজ দেওয়া হয় সঞ্জয়কে। বর্তমানে উন্নতমানের কাগজের ব্যাগ তৈরি করছেন তিনি। তাঁর তৈরি প্রতিটি ব্যাগে ছয় থেকে আট কেজি মালপত্র বহন করা যায়।
প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকার কারাবন্দীদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর সম্প্রতি গুজরাট, কর্ণাটক ও তিহার কারাগারে বন্দীদের মজুরি বাড়ানো হয়েছে।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ওই ভয়াবহ বিস্ফোরণে ২৫৭ জন নিহত হন। আর আহত হন ৭০০ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার এক মাস পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ত থাকা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের মামলায় ২০১৩ সালের ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। এই মামলায় আগে দেড় বছর সাজা খেটেছেন সঞ্জয়। এই হিসাবে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁকে কারাগারে বন্দী থাকতে হবে।