সঞ্জয়ের ছুটি মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

আবারও জেলের চার দেয়ালের বাইরে পা রাখার সুযোগ পাচ্ছেন অস্ত্র মামলায় দণ্ড পাওয়া বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন সঞ্জয়। তবে ১৪ দিন মুক্ত থাকার অনুমতি পেয়েছেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ১৪ দিনের ছুটি দিয়েছে ইয়েরাওয়াড়া কারা কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ইয়েরাওয়াড়া কারাগারের সুপারিনটেনডেন্ট যোগেশ দেশাইয়ের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৩ ডিসেম্বর মঙ্গলবার সঞ্জয়ের ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে। সব রকম আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দু-এক দিনের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। ওই ভয়াবহ বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়। আর আহত হয় ৭০০ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার এক মাস পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে পুলিশ অবৈধ অস্ত্র খুঁজে পায়।
পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের মামলায় গত বছরের ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। সঞ্জয় এ মামলায় আগে দেড় বছর সাজা খেটেছেন। এই হিসাবে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁকে ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী থাকতে হবে।