সঞ্জয় দত্ত ফিরে গেলেন শৈশবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকরা ও শাহরানের সঙ্গে সঞ্জয় দত্ত
ইকরা ও শাহরানের সঙ্গে সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্তের অভিনয়ের কথা এলেই শুরুতেই মনে পড়বে মারপিটের দৃশ্যগুলো। তাঁর ছবিতে অ্যাকশন থাকা চা-ই চাই। জেল থেকে বের হওয়ার পর চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। জানা গেছে, তিমাংশু ধুলিয়ার ‘সাহেব, বিবি ঔর গ্যাংস্টার থ্রি’ ছবিতে তাঁকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এমন দুর্ধর্ষ চরিত্রের পর তিনি ফিরে আসেন নিজের জীবনে।

গতকাল রোববার বিকেলে তিনি তাঁর টুইটারের একটা ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি তাঁর যমজ ছেলেমেয়ে ইকরা ও শাহরানের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন। ছেলেমেয়েদের সঙ্গে এমন সময় পার করতে এসে তিনি ফিরে যান তার ছেলেবেলায়। মনে পড়ে তাঁর বাবা সুনীল দত্তের কথা। স্মৃতিকাতর হয়ে তিনি লিখেছেন, ‘ছোটবেলায় বাবার শুটিং দেখতে গেলে আনন্দে মন ভরে যেত।’

‘ভূমি’ ছবিটি তেমন ব্যবসায় সফল না হলেও সঞ্জয় দত্তের অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। সঞ্জয় দত্ত এখন ব্যস্ত সময় পার করছেন ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার থ্রি’ ছবি নিয়ে।

ইকরা ও শাহরানের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন সঞ্জয় দত্ত
ইকরা ও শাহরানের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন সঞ্জয় দত্ত

প্রযোজক রাহুল মিত্রা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘শিগগিরই শুজরাটে “সাহেব বিবি ঔর গ্যাংস্টার থ্রি” ছবির শুটিং করা হবে। আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কাজ শেষ করে মার্চ কিংবা এপ্রিলের ভালো একটা দিন ঠিক করে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার চেষ্টা করব।’

চলচ্চিত্রে সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করবেন নাফিসা আলী আর বাবার চরিত্রে কবির বেদি। কবির বেদি এ নিয়ে দ্বিতীয়বারের মতো সঞ্জয়ের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে ১৯৯২ সালে প্রয়াত ফিরোজ খানের ‘ইয়ালগার’ ছবিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেন তাঁরা।