সঞ্জয় দত্তের বায়োপিকে জ্যাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকি শ্রফ
জ্যাকি শ্রফ

গুঞ্জন উঠেছিল, সঞ্জয় দত্তের বায়োপিকে সুনীল দত্তের চরিত্রে অভিনয় করবেন আমির খান। তবে তা গুঞ্জনই থেকে গেল। এখন শোনা যাচ্ছে, এই চরিত্রে অভিনয় করবেন জ্যাকি শ্রফ।
ছবিটির পরিচালক রাজকুমার হিরানি জ্যাকি শ্রফের স্ক্রিন টেস্ট দেখে পছন্দ করেছেন। লুক টেস্টের জন্য জ্যাকি শ্রফের ছবি দেখে সঞ্জয়ের বাবা সুনীলের চরিত্রে তাঁকে পছন্দ হয় হিরানির। বিষয়টি নিশ্চিত করে জ্যাকি বলেন, ‘আমি ছবিতে অভিনয় করতে অডিশন দিয়েছি। লুক টেস্ট করিয়েছি। ভালো লাগছে। বিধু আমার প্রিয় বন্ধু। ও আমাকে লুক টেস্টে আসার জন্য বলেছিল।’
মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ সিরিজ বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত সঞ্জয়ের জীবন। সঞ্জয় দত্তের বর্ণাঢ্য জীবন নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করেন ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির নির্মাতা রাজকুমার হিরানি। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন ‘রকস্টার’ তারকা রণবীর কাপুর।
আগামী বছরের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে। জ্যাকি শ্রফ ইতিমধ্যে চরিত্রটির জন্য প্রস্তুতি শুরু করেছেন। বলিউড হাঙ্গামা।