সঞ্জয় মুক্তি পাচ্ছেন ২৭ ফেব্রুয়ারি

এ বছরের মার্চ মাসে পুনের ইয়েরাওয়াড়া কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল সঞ্জয় দত্তের। আজ ৬ জানুয়ারি এনডিটিভি জানিয়েছে, সঞ্জয়ের সদাচরণে সন্তুষ্ট হয়ে কারা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগে ২৭ ফেব্রুয়ারিতেই মুক্তি দিতে যাচ্ছেন সঞ্জয় দত্তকে।
গত বছর সঞ্জয় দত্তের আগাম মুক্তি চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারক মারকাণ্ডে কাটজুর করা আবেদনটির পক্ষে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ থাকলেও, বিষয়টি এক ধরনের নেতিবাচক উদাহরণ হবে বিধায় তা নাকচ করে দিয়েছিলেন গভর্নর বিদ্যাসাগর রাও। কারণ দেশটির সুপ্রিম কোর্টে সঞ্জয়ের বিরুদ্ধে আনা অভিযোগটি প্রমাণিত হয়েছিল।
এ ছাড়া, কারাগার থেকে বিভিন্ন সময়ে সঞ্জয়ের বারবার বাইরে আসার বিষয়টিও সমালোচিত হয়েছিল। সঞ্জয় ২০১৩ সালের মে মাস থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১১৮ দিন কারাগারের বাইরে ছিলেন।
যা হোক, একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সদাচরণের জন্য কারা কর্তৃপক্ষ তাঁর ওপর সন্তুষ্ট হওয়াতে নির্ধারিত সময়ের আগে এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখেই সঞ্জয় দত্তের মুক্তি মিলছে।
১৯৯৩ সালে মুম্বাইয়ে সংঘটিত ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করেছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। আদালতের রায়ে পাঁচ বছরের জন্য পুনের ইয়েরাওয়াড়া জেলে কারাবাস করার কথা ছিল সঞ্জয়ের।
তবে, নির্ধারিত সময়ের আগেই জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। কারাগারে ভালো আচরণের জন্য শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে সঞ্জয় দত্তের। ২০১৬ সালের মার্চের সাত তারিখে বন্দীজীবন শেষ হওয়ার কথা ছিল ‘মুন্না ভাই’ খ্যাত এ অভিনেতার।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ভয়াবহ বিস্ফোরণে ২৫৭ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি। সেই ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে পুলিশ অবৈধ অস্ত্র খুঁজে পেয়েছিল এবং বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।
এ অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে রাজ কুমার হিরানীর ‘পিকে’ ছবিতে। সামনে একই নির্মাতার পরিচালিত ‘মুন্না ভাই’ সিক্যুয়ালে অভিনয়ের কথা আছে তাঁর।
এদিকে ২০১৬ সালেই সঞ্জয় দত্তের জীবনীনির্ভর একটি ছবি নির্মাণের কাজ শুরু করবেন বলে ঘোষণা দিয়েছিলেন রাজ কুমার হিরানী। ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল, এ ছবিতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। এনডিটিভি।