সঞ্জয় লীলা-প্রিয়াঙ্কার সখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় লীলা বানশালী-প্রিয়াঙ্কা চোপড়া
সঞ্জয় লীলা বানশালী-প্রিয়াঙ্কা চোপড়া

সাবেক বিশ্বসুন্দরী, গায়িকা ও বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দারুণ সখ্য গড়ে উঠেছে নির্মাতা সঞ্জয় লীলা বানশালীর। নিজের বাড়িতে কখনো কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন না করলেও, প্রিয়াঙ্কার সম্মানে কিছুদিন আগে নিজের বাড়িতে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে সবাইকে চমকে দেন সঞ্জয়।

গত বছর ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ছবির ‘রাম চাহে লীলা’ আইটেম গানে প্রিয়াঙ্কার উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। এরপর সঞ্জয় প্রযোজিত ‘মেরি কম’ ছবির নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ পান প্রিয়াঙ্কা। শুধু তা-ই নয়, সঞ্জয়ের প্রতি প্রিয়াঙ্কা এত বেশি মুগ্ধ যে, কোনো প্রশ্ন না করেই সঞ্জয়ের ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে অভিনয়ের জন্য হ্যাঁ বলে দেন। ছবিটির কেন্দ্রীয় চরিত্র না হলেও অন্ধের মতো সঞ্জয়ের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

কিছুদিন আগে নিজের বাড়িতে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন সঞ্জয়। এ প্রসঙ্গে সঞ্জয়ের কাছের একটি সূত্রের ভাষ্য, ‘অন্য কারও জন্য নিজের বাড়িতে অনুষ্ঠান আয়োজনের কথা কখনো স্বপ্নেও ভাবেননি সঞ্জয়। কিন্তু প্রিয়াঙ্কার জন্য তিনি এমনটা করেছেন। শুধু তা-ই নয়, সঞ্জয় জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি অনুষ্ঠানে নিজের ও প্রিয়াঙ্কার বন্ধুদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণও জানিয়েছেন।’