সঞ্জয়ের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

নির্ধারিত সময়ের আগেই পুনের ইয়েরাওয়াড়া কারাগার থেকে ছাড়া পাচ্ছেন অভিনেতা সঞ্জয় দত্ত। বলিউডের এই অভিনেতার মুক্তির অপেক্ষায় আছেন তাঁর স্ত্রী মান্যতা, সন্তান, পরিবারের সদস্য ও স্বজনেরা। অপেক্ষায় আছেন আরও একজন। তাঁর নাম বিধু বিনোদ চোপড়া। বলিউডের প্রখ্যাত নির্মাতা বিধু বিনোদ চোপড়া। সঞ্জয় দত্তের জন্য বেশ কয়েকটি ছবির চিত্রনাট্য তৈরি করে এই অভিনেতার মুক্তির জন্য অপেক্ষায় আছেন তিনি।
সঞ্জয় দত্তের কারামুক্তির নির্ধারিত সময় ছিল এ বছরের মার্চ মাস। কিন্তু সম্প্রতি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা এই অভিনেতার সদাচরণে সন্তুষ্ট হয়ে তাঁর সাজার মেয়াদ কমিয়েছে। ফলে সঞ্জয় দত্ত মুক্তি পাচ্ছেন ২৭ ফেব্রুয়ারি, তাঁর জন্য নির্ধারিত মুক্তির সময়ের আগেই। এই খবরে যারপরনাই আনন্দিত হয়েছেন বিধু বিনোদ চোপড়া।
এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেছেন, ‘সঞ্জয়ের মুক্তির খবর শুনে আমি অত্যন্ত আনন্দিত।’ বলিউডের এই নির্মাতা আরও বলেন, ‘সঞ্জয়ের জন্য আমার হাতে অনেকগুলো চিত্রনাট্য আছে। আমি তাঁর মুক্তির অপেক্ষায় আছি।’
বলিউডে সঞ্জয় দত্তের অত্যন্ত ঘনিষ্ঠজন বিধু বিনোদ চোপড়া। সঞ্জয় প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সে একটা ভুল করেছিল, তার সাজাও সে পেয়েছে। এটা তাঁর নবজন্ম। আমরা তাঁর সঙ্গেই আছি।’
১৯৯৩ সালে মুম্বাইয়ে সংঘটিত ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে সঞ্জয় দত্তকে দোষী সাব্যস্ত করেছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। আদালতের রায়ে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে পাঁচ বছর থাকার কথা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু নির্ধারিত সময়ের আগেই জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। ২০১৬ সালের মার্চের সাত তারিখে বন্দীজীবন শেষ হওয়ার কথা ছিল ‘মুন্না ভাই’খ্যাত এ অভিনেতার।
সঞ্জয় দত্ত সর্বশেষ অভিনয় করেছেন রাজকুমার হিরানীর ‘পিকে’ ছবিতে। সামনে বিধু বিনোদ চোপড়ার ‘মুন্না ভাই’-এর পরবর্তী ছবিতেও অভিনয়ের কথা আছে তাঁর। ইন্দো-এশিয়ান নিউজ। এনডিটিভি।