সঞ্জয়ের বেশে রণবীর

অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে বলিউডে একটি ছবি তৈরি হচ্ছে—এই খবর নিশ্চয়ই অনেকে জেনে গেছেন। এতে যে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর—সে খবরও নতুন করে দিতে হবে না। সঞ্জয়ের বায়োপিক নিয়ে এখন সবচেয়ে নতুন খবর হলো—এই ছবিতে সঞ্জয়ের বেশে রণবীরের ‘ফার্স্ট লুক’ (প্রথম দর্শন/ছবি) প্রকাশিত হয়েছে। অবশ্য, প্রকাশিত বললে তথ্যে কিছুটা ভুল থেকে যায়। সঠিকভাবে বলতে গেলে, ছবির সেট থেকে কেউ একজন লুকিয়ে রণবীরের ছবি তুলে ইন্টারনেটে প্রকাশ করে দিয়েছেন।

সঞ্জয়ের লুকে রণবীরের সেই ছবি ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এখানে যিনি রণবীরের রূপসজ্জা করেছেন, তাঁর হাতের কাজের প্রশংসা না করে উপায় নেই। কারণ, ৯০-এর দশকের সঞ্জয়ের লুকে রণবীর কাপুরকে দারুণ মানিয়ে গেছে। সেই একই রকম চুলের ছাঁট, একই ধরনের মেকআপ ও পোশাক।
এই ছবিতে রণবীরকে সঞ্জয় দত্তের জীবনের তিনটি ভিন্ন ধাপে দেখা যাবে। এ জন্য তাঁর সাজপোশাকগুলোও হবে আলাদা আলাদা। সঞ্জয়ের বর্তমান অবস্থায় অভিনয়ের জন্য রণবীরকে বাড়াতে হয়েছিল ১৩ কেজি ওজন।
নাম ঠিক না হওয়া এই বায়োপিকের নির্মাতা রাজকুমার হিরানি। স্কুপহুপ।