সঞ্জয়ের মা হবেন মনীষা

সঞ্জয় দত্তের সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা। বলতে হয় কার্তুজ, খউফ, ইয়ালগার ছবিগুলোর নাম। সেগুলোয় সঞ্জয় নায়ক, মনীষা নায়িকা। এই নায়িকা এবার হতে যাচ্ছেন সঞ্জয়ের মা।
তবে পর্দায় সরাসরি মনীষাকে ‘মা’ সম্বোধন করবেন না সঞ্জয়। এই অভিনেতার জীবনী নিয়ে নির্মিত ছবিতে তাঁর মা, প্রয়াত অভিনেত্রী নার্গিসের ভূমিকায় অভিনয় করবেন মনীষা। আর তাতে সঞ্জয়ের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। মনীষা হতে যাচ্ছেন রণবীরের মা। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৫১ বছর বয়সে মারা যান অভিনেত্রী নার্গিস। তাঁর চরিত্রে অভিনয়ের জন্য বেশ ভেবেচিন্তে মনীষাকে নির্বাচন করেছেন পরিচালক রাজকুমার হিরানী। হয়তো ভেবেছেন, বাস্তব জীবনে কর্কট ব্যাধির সঙ্গে লড়ার অভিজ্ঞতা আছে মনীষার। নার্গিসের জীবনযন্ত্রণা সহজেই ফুটিয়ে তুলতে পারবেন তিনি।
সঞ্জয়ের জীবনীনির্ভর ছবিটি মুক্তির কোনো দিন-তারিখ জানাননি রাজকুমার হিরানী। ছবিতে মনীষার স্বামী, অর্থাৎ সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয় করবেন পরেশ রাওয়াল। মনীষা কৈরালাকে শেষবার দেখা গিয়েছিল তামিল ছবি গেম-এ। গত বছর মুক্তি পায় সেটি। মুম্বাই মিরর