সত্যজিতের গল্প, সুজয়ের ছবি

সত্যজিৎ রায়ের ছোট গল্প ‘অনুকূল’ নিয়ে ছবি বানাবেন সুজয় ঘোষ। ছবিটি হবে স্বল্পদৈর্ঘ্যের। এর আগে ‘অহল্যা’র সাফল্য মাথায় রেখেই আবারও চলচ্চিত্রের জন্য সত্যজিতের গল্পকেই বেছে নিলেন বলিউড নির্মাতা সুজয় ঘোষ।
সুজয়ে নতুন এই স্বল্পদৈর্ঘ্য অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। আলাদা আলাদা প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ চরিত্রে অভিনয়ের পর দুজনের সম্পর্কের অবনতির কথা শোনা যায়। তবে সুজয়ের নতুন ছবির প্রস্তাব পুরোনো সেই মনোমালিন্যকে মুছে দিয়েছে বলে জানিয়ে এ দুই অভিনেতার ঘনিষ্ঠ একজন।
‘অনুকূল’-এর শুটিং হবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে, এপ্রিলের শুরু দিকে। এরই মধ্যে ‘কাহানি’ ছবির নির্মাতা সুজয় নতুন ছবি তৈরির জন্য গল্পের সত্ত্বের ব্যাপারে সত্যজিৎ-পুত্র সন্দ্বীপ রায়ের কাছ থেকে অনুমতিও নিয়ে নিয়েছেন। ‘অনুকূল’ গল্পটি একজন বিজ্ঞানী ও তাঁর তৈরি একটি রোবট নিয়ে।

এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া সৌমিত্র চট্টোপাধ্যায়, রাধিকা আপ্তে ও টোটা রায় চৌধুরী অভিনীত সুজয়ের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘অহল্যা’ বেশ সাড়া ফেলেছিল ভারতে। সেই ছবির কিছু অংশ সত্যজিৎ রায়ের ‘শঙ্কু ও আশ্চর্য পুতুল’ গল্পের ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া