সনুর ছবিতে শাহরুখের কণ্ঠ

সনু সুড অভিনীত ‘তুতাক তুতাক তুতিয়া’ ছবির ট্রেলারে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। হয়তো এই ছবির বিশেষ কোন চরিত্রেও বলিউড বাদশাকে দেখা যেতে পারে। এই ছবির সহ-প্রযোজক দীপশিখা দেশমুখের কথায় অনেকটা তেমন আভাসই পাওয়া গেল।
ভৌতিক ও কমেডি ঘরানার এই ছবির ট্রেলারে শাহরুখের কণ্ঠ ব্যবহার করার বুদ্ধিটা মূলত সনুর। এর আগে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখ ও সনু একসঙ্গে কাজ করেছেন। দুজনের মধ্যে সম্পর্কও ভালো। সনু তাই নিজের ছবির ট্রেলারের জন্য শাহরুখকে কণ্ঠ দেওয়ার অনুরোধ জানান। শাহরুখও সেই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যান। শুধু কণ্ঠই শোনা যাবে, নাকি দর্শক তাঁকে দেখতেও পাবেন এই ছবিতে? এমন প্রশ্নের জবাবে ‘তুতাক তুতাক তুতিয়া’ ছবির সহ-প্রযোজক দীপশিখা দেশমুখ বলেন, ‘ কিছুই বলা যায় না। আমি তো আগেই বলেছি এই ছবির অনেকগুলো স্তর আছে। পুরো ছবি জুড়েই আছে অনেক রহস্য। আমি চাই সেই রহস্যগুলো যথাসময়ে উন্মোচিত হোক।’ এএল বিজয় পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করবেন প্রভু দেবা ও তামান্না ভাটিয়া। আর বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কোরিওগ্রাফার ফারাহ খানকে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে অক্টোবরের ৭ তারিখে। এনডিটিভি।