সনুর জন্য ৭০০ কি. মি.
হায়দরাবাদ থেকে মুম্বাই ৭০০ কিলোমিটার। সড়ক, রেল, আকাশ—সব মাধ্যমেই এই দুই শহরে যাওয়া যায়। কিন্তু এগুলোর কোনোটার সাহায্য না নিয়ে হেঁটেই এ দূরত্ব পাড়ি দিয়েছেন ভেঙ্কটেশ। কেন? পরিবহন খরচ দেওয়ার মতো পয়সা কি তাঁর ছিল না। ছিল। ভারতের হায়দরাবাদের এই মানুষটা আসলে বলিউড তারকা সনু সুদের ভক্ত। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার শখ তাঁর অনেক দিনের। কাজটা তিনি হেঁটে গিয়েই করতে চেয়েছিলেন। তাই খালি পায়ে হেঁটে মুম্বাই চলে যান এই ভক্ত। এ সময় তাঁর হাতে ছিল সনুর ছবিযুক্ত একটি প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ‘দ্য রিয়েল হিরো সনু সুদ, হায়দরাবাদ টু মুম্বাই’। পাগল এই ভক্তের সঙ্গে দেখা করে সনু বলে দিয়েছেন, ‘আমি চাই না আর কেউ এ রকম কাণ্ড করুক।’
গত বৃহস্পতিবার সেই ভক্তের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সনু। ছবিটি শেয়ার করে ক্যাপশনে সনু লিখেছেন, ‘ভেঙ্কটেশ নামের এই ছেলেটা আমার সঙ্গে দেখা করতে খালি পায়ে হায়দরাবাদ থেকে মুম্বাই চলে এসেছে। কোনো ধরনের যানবাহনের সাহায্যও নেয়নি। ব্যাপারটি সত্যিই প্রেরণাদায়ক, যা আমাকে সম্মানিত করেছে। যদিও আমি চাই না আর কেউ এ রকম কাণ্ড করে বসুক। সবার জন্য ভালোবাসা।’
করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই ভারতবাসীর জন্য তৎপর হয়ে ওঠেন বলিউড অভিনেতা সনু সুদ। বিদেশে আটকে পড়া ভারতীয় ছাত্রদের বিমানযোগে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে হইচই ফেলে দেন। করোনায় কাজ হারানো মানুষের জন্য খাবার ও নগদ টাকা দিয়ে সাহায্য করেছেন সনু।
করোনায় আক্রান্ত অনেকে হাসপাতালে জায়গা পায়নি, অক্সিজেনসংকটে পড়েছে। এ রকম সংকটাপন্ন মানুষ, যাঁরাই সনুর সঙ্গে যোগাযোগ করেছেন, সবাইকে সাহায্য করেছেন। করোনা মহামারিতে ভারত যেন এই অভিনেতাকে ত্রাতা রূপে আবিষ্কার করে। সূত্র: হিন্দুস্তান টাইমস