সন্তান যখন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ ও গৌরী খান
শাহরুখ ও গৌরী খান

যে মানুষটি অনেকটা একাই শাসন করেছেন পুরো বলিউড, যখন-তখন যাকে ইচ্ছা তাকে শিক্ষা দিতেও কার্পণ্য করেন না সেই শাহরুখ খানই কিনা শিক্ষক মানছেন তাঁর সন্তানদের! সম্প্রতি বলিউডের এই তারকা জানিয়েছেন— তাঁর বাচ্চাদের কাছ থেকে তিনি অনেক কিছুই শিখেছেন।

শিক্ষক দিবসে এক টুইটে ‘বলিউড বাদশা’ খ্যাত শাহরুখ এ বার্তা দিয়েছেন। যে দিন পৃথিবীর নানা প্রান্তের মানুষ শিক্ষক দিবস উপলক্ষে কেউ তাঁদের বাবা-মাকে, কেউবা আবার জীবনে যে কজন শিক্ষকের সান্নিধ্যে এসেছেন তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন; তখন শাহরুখ খান তাঁর সন্তানদেরই নিজের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিলেন। টুইটারে তিনি লিখেছেন, ‘আমার বাচ্চারাই আমার জীবনের প্রকৃত শিক্ষক।’

সন্তান স্নেহে আপ্লুত বাবা টুইটারের মাধ্যমে সবাইকে জানিয়েছেন, তিনি তাঁর সন্তানদের কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছেন। এক টুইটে তিনি বলেন, ‘আমি তাদের থেকে নম্রতা, ধৈর্য, নিঃস্বার্থ ভালোবাসা আর বিনা কারণে হাসার শিক্ষা পেয়েছি, জীবনে চলার পথে যা খুবই দরকারি।’ তিনি আরও জানান, তাঁর সন্তানদের কাছ থেকেই তিনি যেকোনো নতুন গান কিংবা নতুন ট্রেন্ড সম্পর্কে খবর পান।

সন্তান যখন শিক্ষক
সন্তান যখন শিক্ষক



শাহরুখ খান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে অনেক বেশি সক্রিয়। তিনি টুইটারের মাধ্যমে বিভিন্ন সময়ে তাঁর সন্তানদের ছবি, তাদের বিভিন্ন কাজকর্মের মুহূর্ত সারা বিশ্বের অসংখ্য ভক্তদের কাছে পৌঁছান।

১৯৯১ সালে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে গৌরী ১৯৯১ সালে গাঁটছড়া বাঁধলেও তাঁদের পরিচয় হয়েছিল ১৯৮৪ সালে, সে সময় তাঁরা দুজনই স্কুলে পড়তেন। শাহরুখের বয়স তখন ছিল ১৯ বছর, আর গৌরীর মাত্র ১৪। এক অনুষ্ঠানে তাঁদের প্রথম সাক্ষাৎ​। শাহরুখ এক সাক্ষাৎ​কারে জানিয়েছিলেন, প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়েছিলেন তিনি। সাত বছর প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাহরুখ। তাঁদের তিন সন্তান। দুই ছেলে আরিয়ান (১৭), আবরাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার।